মোশাররফ হোসেন খান-এর কবিতা
ফররুখ আহমদ
২০ জুন ২০২৬ ১২:১৩
সমুদ্রের নাভি থেকে উত্থিত প্রচণ্ড দীর্ঘশ্বাসে
কমে যেতে পারে পৃথিবীর আয়ু
সহসা ফিরে দাঁড়ান সমুদ্র নাবিক
হাতের মুঠোয় তাঁর সামুদ্রিক রুপালি ঝিনুক
ঝিনুকের পেটে অপেক্ষমাণ অদৃশ্য এক সাহসী ঈগল
সাতটি সাগর-
চলমান পৃথিবীর সর্বকালের ইতিহাস
মাস্তুলে দাঁড়িয়ে ‘সাত সাগরের মাঝি’
পাটাতনে ঘাই মারে আরণ্যক ভয়
কেউ যেন ডাকে :
থামো মাঝি, দেখ ঝড়ের উল্লাস
ঝড়! ঝড় তো উজ্জ্বল সাহসের প্রতীক, সমুদ্র স্বভাব
নাবিক ফিরে দাঁড়ান উন্মত্ত ঝড়ের মুখোমুখি
বিস্মৃতির সীমানা পেরিয়ে অসীমের দিকে
নাবিকের চাহনিতে ফাঁক হয়ে যায় দরিয়ার নোনা পানি
পানির গভীর থেকে উঠে আসে অলৌকিক পাথর
বস্তুত কবি তিনি-
শতাব্দীর শুদ্ধতম কবি।