বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ২৮ মে, হজ ২৬ মে


২১ মে ২০২৬ ১০:০২

সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ হজযাত্রী, ১৮ জনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : উপকূলীয় জেলা কক্সবাজারের আকাশে মেঘের আড়ালে নতুন চাঁদ উঁকি দিতেই চারদিকে আনন্দের বন্যা বয়ে যায়। সরকারের জাতীয় চাঁদ দেখা কমিটি জানায় গত ১৮ মে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখতে পাওয়ায় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে বৃহস্পতিবার। এর আগে ১৭ মে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সে দেশে ওইদিনই জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে তারা ঈদ করবেন ২৭ মে আর পবিত্র হজ পালিত হবে ২৬ মে। সরকারি তথ্যানুযায়ী এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন। গত ১৮ মে পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ হজযাত্রী, আর এই সময়ের মধ্যে হজে গিয়ে ইন্তেকাল করেছেন ১৮ জন বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিম।
সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ বাংলাদেশি
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ হজযাত্রী। এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৬টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ পালন করতে গিয়ে ১৮ বাংলাদেশির ইন্তেকাল
এবার বাংলাদেশ থেকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া চলতি মৌসুমে গত ১৯ মে মঙ্গলবার পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে মোট ৬৫ হাজার ৫৯২ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ১৮ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ১৩ জন মারা গেছেন মক্কায় এবং মদিনায় ৫ জন মারা গেছেন। সর্বশেষ ১৭ মে মারা গেছেন ফেনীর সোনাগাজী উপজেলার সাজেদা বেগম (৫৬) নামে এক নারী।
বাংলাদেশে ঈদ ২৮ মে
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। গত ১৮ মে সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তথ্যমতে, ১৮ মে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার খবর নেয়ার সময় প্রথম নিশ্চিত তথ্য আসে কক্সবাজার থেকে। সেখানকার স্থানীয় বাসিন্দা এবং প্রশাসন জেলাটিতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। উপকূলীয় জেলার আকাশে মেঘের আড়ালে নতুন চাঁদ উঁকি দিতেই চারদিকে আনন্দের বন্যা বয়ে যায়। পরে ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৯ মে থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি
পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফাত দিবসের খুতবা প্রদানের জন্য নিযুক্ত করা হয়েছে মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফিকে। সৌদি আরবের বাদশা ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করেন। সৌদি আরবের রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ঐতিহাসিক আরাফাত ময়দানের মসজিদে নামিরাহ থেকে শায়খ হুজাইফি হজের মূল খুতবা দেবেন। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এই খুতবা সরাসরি শোনার সুযোগ পাবেন। আগামী ৯ জিলহজ আরাফাত ময়দানে অবস্থান করা হজের প্রধান রোকন বা স্তম্ভ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মসজিদে নামিরাহ থেকে এই খুতবা প্রদান করা হয়। খুতবা শেষে হাজিরা সেখানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর দরবারে মোনাজাতে মশগুল থাকেন। নবী করিম (সা.) বলেছেন, আরাফাতে অবস্থানই হলো হজ।