সোলায়মান আহসান-এর কবিতা
রাত্রির কথকতা
১৭ মার্চ ২০২৬ ১১:০৯
চোখ ঢুলু ঢুলু আঁখি মুদে আসে- নির্ঘুম জেগে আমি
সাড়া নেই শব্দহীন, নিশ্বাস-প্রশ্বাসের বায়ু-
অস্তিত্ব জানান দেয় শুধু, আছি মৃদু প্রাণ আয়ু
তখন সত্তার মাঝে থাকে না ফারাক, অন্তর্যামী।
বাতাসে সুঘ্রাণ বহে কারা কানে ফিসফিস বলে-
এখনি দু’হাত তোল- আঁখি খোল মাওলার দ্বারে।
জীবনের যত পাপ অনুতাপ তোল অন্ধকারে
ঢেলে দাও হৃদয়ের আকুতি চোখের তপ্ত জলে।
এত মহা আঞ্জাম- বিপন্ন বেপথু মানুষের তরে
এত মহামিলনের স্রষ্টা ও সৃষ্টির মহাক্ষণ
এমন সুযোগহারা হতে চায় কোন অভাজন!
রাত্রির মধ্যম যাম, রমজানে প্রেমের নহরে।
হে নিশা! হে ক্ষুধা! অন্ন! বাসভূমি! সকল আঁধার
আমাকে তৌলন কর! দ্বিধামুক্ত কর হে সত্তার।