নবিয়ালের শীতের সাথে যুদ্ধ


৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬

॥ সাঈদুর রহমান লিটন ॥
নবিয়ালের বয়স হবে ত্রিশ-পঁয়ত্রিশ। কিন্তু দেখলে মনে হবে চৌদ্দ-পনেরোর কোনো রোগা-পাতলা স্কুল ছেলে, যার জীবন যেন এক অদ্ভুত হাস্যকর। গায়ের গঠন এমন যে, হাওয়া একটু জোরে বইলেই উড়ে যাবে মনে হয়। কিন্তু সেই দুর্বল শরীরেই সে শীতে জড়িয়ে রাখে বিশ-বাইশটা জামা। কেউ কেউ বলে এগুলো নাকি তার শীতবর্ম। কিন্তু বর্ম যেমন চকচকে হয়, নবিয়ালেরটা তেমন নয়, নোংরা আর কাদামাখা, যেন রংচটা সবজিওয়ালার থলে।
নোংরা জামা দিয়ে ঢাকা নবিয়ালকে দেখলেই হঠাৎ মনে হয়, এ লোকটা পাগল নাকি? কিন্তু না, পাগল নয়। সে বেশ বুদ্ধিমানই, শুধু মাথার ভেতরের সেই জ্ঞানের তারটা মাঝে মাঝে ঠনঠনে হয়ে যায়, আর তখন সে নিজের মতো অদ্ভুত চিন্তায় ব্যস্ত থাকে।
শীত এলে নবিয়ালের বিপদ শুরু। গোসল শব্দটা শুনলেই তার কাঁপুনি ধরে। লোকজন বলে, আরে শীতে তো অন্তত গা-ধুতে হয়। নবিয়াল তখন জামার ভেতর থেকে গলা বের করে বলে, গোসল আর গা-ধোয়া এক নাকি? গা-ধুলেও তো পানি লাগে। পানি কি আগুনের মতো গরম? পানি ঠাণ্ডা, কাঁপুনি লেগে মরতে হবে।
তবে সে একদম গোসল করে না, এমন নয়। মাঝে মাঝে সাহস জোগাড় করে পুকুরে যায়। রীতি হলো প্রথমে একটা আগুন ধরাবে। পুকুরপাড়ে বসে আগুনের দিকে তাকিয়ে থাকবে অনেকক্ষণ, যেন সেই আগুনই তার জন্য দুর্গের প্রাচীর। তারপর হঠাৎ করে সিদ্ধান্ত নেয়, ডুব দেব।
লোকজন দেখার আগেই পানিতে ঝাঁপ দেয়। আর তারপর লাফিয়ে উঠে দৌড়াতে দৌড়াতে এসে আগুন পোহায়।
দাঁতগুলো তার সবসময় হলদে। কারণ শীতে সে গালে পানি নিতে ভয় পায়। গালে পানি নিলেই নাকি দাঁত ব্যথায় কটকট করে ওঠে। তাই শীতে পানি দিয়ে দাঁত ভিজায় না। সে মুখ ধোয়ার বদলে বলে, শীতে মুখ ধোয়া মানে দাঁতের শত্রুতা করা।
এদিকে তার হাত-পা দেখতে এমন লাগে যেন মাটির সাথে মিশে গেছে। লোকে বলে, নবিয়াল, তোর হাত-পা দেখে মনে হয় বালির চর পড়ে গেছে।
নবিয়াল তখন হাসে, চর নয় রে ভাই, শীতের হাঁসফাঁস! পানি না লাগলে যা হয়।
গ্রামের ছেলেরা তাকে দেখে মজা পায়। কেউ বলে সে নাকি শীতের মানুষÑ আইসক্রিম। আবার কেউ বলে তার শরীরের অর্ধেক ওজনই জামার কারণে। নবিয়াল এসব শুনে শুধু হাসে।
একদিন এক কাকা তাকে জিজ্ঞেস করল,
এতগুলো জামা দিয়ে কি করিস?
নবিয়াল গম্ভীর গলায় বলল,
একটা জামা শীত আটকায়, বাকিগুলো দেখলে ঠাণ্ডা ভয় পায়।
মজার ব্যাপার হলো, সব অদ্ভুত কাজ করলেও নবিয়াল কাউকে কখনো বিরক্ত করে না। সে নিজের মতো থাকে, নিজের মতো শীতের সঙ্গে যুদ্ধ করে।