অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনে লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে : এটিএম আজহারুল ইসলাম


৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:২১

গত শনিবার (২৬ ডিসেম্বর) রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এটিএম আজহারুল ইসলাম

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মজলুম নেতা এবং রংপুর-২ আসনে এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং জনগণ যেন নির্বিঘ্নে তােেদর ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির জন্য সকল দলের লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান তিনি।
গত শনিবার (২৬ ডিসেম্বর) রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, সাংবদিকরা সমাজের বিবেক, সমাজ গঠনে তারা কল্যাণমূলক সহায়ক ভূমিকা পালনে পরার্মশ দিতে পারেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে বন্ধ থাকা শ্যামপুর চিনিকল পুনরায় চালু করে এই অঞ্চলের শত শত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ কৃষক ভাইদের কৃষি অর্থনীতির পথকে খুলে দেয়ার ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ। এছাড়া এলাকার স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধি করে ও আধুনিকায়নের ব্যবস্থা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো।
এটিএম আজহারুল ইসলাম অর্থনীতিবিদদের গবেষণা উল্লেখ করে বলেন, বংলাদেশ থেকে বিগত সরকারের সময় ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এ অর্থ দিয়ে দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন করা যেত। শিক্ষিত দক্ষ যুব সম্প্রদায়ের পুনর্বাসনের মাধ্যমে শিল্পবিপ্লব সাধন করে এদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হতে পারত।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এজন্য সারা দেশে সৎ মানুষদের মনোয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষণ ও জুলুম এবং বঞ্চনামুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে। এটিএম আজাহারুল ইসলাম আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণকে উৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা শাখা আমীর মুহাম্মদ কামরুজ্জামান কবির, নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, বদরগঞ্জ পৌরসভা শাখার আমীর মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।