জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম


৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৭

বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস আলহাজ মো. রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে অন্তর্ভুক্ত হন।
এ সময় মো. রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন উৎসর্গ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসেন এবং ভৈরব পৌরসভা জামায়াতের আমীর শাহজাহান সরকারসহ দলীয় নেতারা। স্বাধীনতার পর তিনি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আরবুর রহমান কিন্ডারগার্টেন, মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম মহিলা কলেজ এবং হালিমা সাদিয়া মহিলা মাদরাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও উন্নয়নে তার অবদান এলাকাবাসীর কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। স্থানীয়ভাবে তাকে ভৈরব অঞ্চলের শিক্ষা ও সমাজ উন্নয়নের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। তার এই রাজনৈতিক সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি