কুতুবদিয়ায় তৃণমূল মহিলা কর্মী সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ

ইসলামই একমাত্র নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে


৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, একমাত্র ইসলামই নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে। তিনি বলেন, একশ্রেণির রাজনৈতিক দল নারীর মর্যাদা ও অধিকারের কথা বললেও তাদের শাসনামলে নারীরা সমাজে সবচেয়ে বেশি লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হয়েছে।
গত মঙ্গলবার (২ নভেম্বর) কক্সবাজারের উত্তর ধুরুং ইউনিয়ন মহিলা কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ড. হামিদুর রহমান আযাদ বলেন, বিগত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে, তাদের শাসনামলেই নারীরা সবচাইতে বেশি নির্যাতিত ছিলো। ইভটিজিং, স্ল্যাট শেইমিং এবং ধর্ষণের মতো জঘন্য কাজ ছিলো নিত্যদিনের ঘটনা।
ড. হামিদুর রহমান আযাদ এ সময় সংস্কারের বিরোধিতাকারীদের ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন সংস্কার কমিশনে আলোচনা করে জুলাই সনদ রচনা করে এবং তাতে স্বাক্ষর করে বিএনপি এখন তার সরাসরি বিরোধিতা করছে। যেটা স্পষ্টত জুলাই আকাক্সক্ষার পরিপন্থী। এ সময় তিনি বিএনপির ‘না’ ভোটের প্রচারণারও ব্যাপক সমালোচনা করেন এবং গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটের প্রতি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
ড. হামিদুর রহমান আযাদ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণকে এসব জুলাই ও জনআকাক্সক্ষা বিরোধিতার সমুচিত জবাব দেয়ার আহ্বান জানান। কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন মহিলাবিষয়ক সম্পাদক কাউসার খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমূল মহিলা কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন সভাপতি সৈয়দুল আলম, সেক্রেটারি ডা. ইলিয়াসসহ অন্য নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।