খুলনায় সমাবেশে মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদকে আইনি বৈধতা দিতে গণভোটই একমাত্র পথ


২১ নভেম্বর ২০২৫ ১১:৩৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই চার্টার বা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ছাড়া বিকল্প নেই। একই দিনে জাতীয় ভোট ও গণভোট আয়োজন জনগণকে বিভ্রান্ত করারই শামিল। গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন শহীদ মিনার চত্বরে দৌলতপুর থানা জামায়াতের জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে জাতিকে গভীর সংকটে ফেলে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার ভাষণের সংশোধন এনে এখনো এ ভুল সংশোধনের সুযোগ রয়েছে। একই দিনে দুটি ভোট আয়োজনের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ ও ‘জনবিরোধী’ হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, যারা জুলাই সনদ মানতে চায় না, তাদের জন্য ২৬-এর জাতীয় নির্বাচন নয়। জনগণকে ধোঁকার মধ্যে রাখা যাবে না। গণভোটের আগে জাতীয় নির্বাচন দেওয়া মানেই জুলাই সনদের বৈধতা এড়িয়ে যাওয়া।
তিনি অভিযোগ করে বলেন, একটি বড় রাজনৈতিক দল নাকি সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে ‘গোপন বৈঠক’ করে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, নির্বাচনের দাবি ও আন্দোলনÑ দুটিই একসাথে চলবে। গণভোট ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের জন্য তা বড় হুমকি হবে।
দৌলতপুর থানা জামায়াতের আমীর মুহাম্মাদ মুশাররফ আনসারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। মহানগরী ব্যবসায়ী থানার সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপনের পরিচালনায় বক্তব্য দেন জামায়াতের খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, খুলনা জেলা সহকারী সেক্রেটারি গাউসুল আযম হাদী, অধ্যাপক শহীদুল ইসলাম, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির, মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী, মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক ইকবা হোসেন, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ারের মোরসাইকেল শোভাযাত্রা
খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শোভাযাত্রাটি শিরোমনি শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ৫ সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে সাধারণ জনগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে এ শোভাযাত্রা গোটা ডুমুরিয়া ও ফুলতলাসহ খুলনা জেলা দাঁড়িপাল্লার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা মিয়া গোলাম পরওয়ারকে উন্নয়নে কারিগর বলে স্লোগানের জবাব দেন। মিয়া গোলাম পরওয়ার তাদের উদ্দেশ করে জাতীয় পতাকা নিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
গত শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৯টায় মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার জিরো পয়েন্টের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত ও আধুনিক খুলনা গড়ে তুলতে আমরা সর্বস্তরের মানুষের কাছে পরিবর্তনের এ বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকের এ আয়োজন। সুখে-দুঃখে মানুষের কল্যাণে আমরা সবসময় আছি এবং দল-মতের ঊর্ধ্বে উঠে এ ভূমিকা পালন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। ইতোপূর্বে মানুষ সব দলকে দেখেছে, তাই এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন চায়, তাই তারা বসবাসযোগ্য শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।
খুলনার জিরো পয়েন্টের পথ সভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি এম আব্দুল গফুর। বক্তব্য দেন খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।