পরিস্থিতি ইঙ্গিত করছে এবার বিজয় ইসলামের পক্ষেই আসবে – অধ্যক্ষ হেলালী
৬ নভেম্বর ২০২৫ ২০:৩৮
চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে এবারের বিজয় ইসলামের পক্ষেই আসবে, ইনশাআল্লাহ।’ তিনি আরো বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর আমাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি। কিন্তু আল্লাহর রহমতে এখন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। জনগণ ধীরে ধীরে আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরে পাচ্ছে। ক্ষমতার মোহে আমরা যেন পরকালকে ভুলে না যাই। আমানত রক্ষা ও সততার প্রশ্নে জামায়াত সর্বদা আপসহীন থাকবে, ইনশাআল্লাহ।’
গত শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে হালিশহর রেসিডেন্সিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের জি-ব্লক সাংগঠনিক ওয়ার্ড সভাপতি শাহারাজ হোসাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের রোকন এডভোকেট মনিরুল ইসলাম।
তিনি জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা জনগণের সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বদ্ধপরিকর।’
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, হালিশহর থানার নায়েবে আমীর ড. শাহাদাত হোসেন। এছাড়া বক্তব্য দেন বন্দর ইসলামী শ্রমিক সংঘের সেক্রেটারি মো. ইয়াসিন, এডভোকেট আবসার রশিদ চৌধুরী, আইয়ুব আলী, মো. নুর উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।