গণভোটসহ ৫ দাবিতে ইসলামী দলগুলোর দুদিনের কর্মসূচি ঘোষণা
৩০ অক্টোবর ২০২৫ ১৭:৪৭
সোনার বাংলা রিপোর্ট: জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে পঞ্চমবারের মতো কর্মসূচি দিয়েছে ইসলামী দলগুলো। গত বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ইসলামী দলগুলোর আয়োজনে যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ। কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামী ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ৩ নভেম্বর আন্দোলনকারী দলসমূহের শীর্ষনেতাদের বৈঠক হবে। আমরা প্রতিটি দল আলাদা আলাদা স্মারকলিপি দেব। ৩ নভেম্বর বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে। গণভোটসহ ৫ দাবিতে ইসলামী দলগুলোর দুদিনের কর্মসূচি- ১. জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে/উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলন নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম প্রমুখ।