শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
সোনার বাংলা অনলাইন
১৮ অক্টোবর ২০২৫ ১৭:২১
১৮ অক্টোবর ২০২৫ ১৭:২১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এই ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও।
এদিকে, অগ্নিকাণ্ডের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী।