মোশাররফ হোসেন খান-এর কবিতা

আনতেই হবে নতুন ভোর


১৬ অক্টোবর ২০২৫ ১৪:১৯

আনতেই হবে নতুন ভোর মোশাররফ হোসেন খান-এর কবিতা

ছিঁড়ে যাক পাল ভেঙে যাক হাল আসুক তমসা ঘোর
সপ্ত-সিন্ধু পাড়ি দিয়ে তবু আনতেই হবে নতুন ভোর।
তুমিও মিছিলে থাকো সাহসের ভিড়ে
তুমিও থাকো সমরে, প্রশান্তির নীড়ে
সমুদ্র-সাঁতারে তুমি অবিচল থাকো,
শঙ্কার ঝড়-বায়ু বাম পাশে রাখো।
যারা চলেছে প্রান্তর এই পথ ধরে
তারাই তো প্রদীপের চারপাশে ঘোরে
ঝড়ের সম্মুখে যারা আছে চলমান,
তুমিও তাদের সাথে থাকো বহমান।
তুমি কি শুনতে পাও সাগরের ডাক?
তবে কেন স্থির তুমি-হতাশ নির্বাক।
তুমিও এগিয়ে চলো হাওয়ার আগে,
জেগে ওঠো নিদ্রা ছেড়ে দীপ্ত অনুরাগে।
দ্বিধাহীন হও তুমি সমর-সন্তাপে
নিজেকে শানিত করো আলোর উত্তাপে।