মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ আমরা সকলে মিলে বাংলাদেশ : এডভোকেট হেলাল
২ অক্টোবর ২০২৫ ১৩:০২
বায়জীদ বোস্তামী, বরিশাল: মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ আমরা সকলে মিলে বাংলাদে। এখানে সবার অধিকার সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর সদর রোড আর্যলক্ষ্মী ভবনের হলরুমে হিন্দু সম্প্রদায়ের নেতা ও বরিশাল মহানগরী ও সদর উপজেলার দুর্গাপূজা বাস্তবায়ন কমিটির নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ আমরা সকলে মিলে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, এই দেশে সকল মানুষের অধিকার রয়েছে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করব। তিনি বলেন, আমাদের আমীরে জামায়াত পঞ্চগড়ের তীর্থযাত্রী দুর্ঘটনাসহ সকল ধরনের বিপদ-আপদে হিন্দু সম্প্রদায়ের সাথে ছিল। আমাদের ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনার সহযোগিতা তার জলন্ত প্রমাণ।
তিনি আরো বলেন, বিভিন্ন সময় আমাদের নামে ট্যাগ দেয়া হয় আমরা হিন্দুবিদ্বেষী। আমার বাসা নগরীর ব্রাউন কম্পাউন্ডে, সেখানকার আমার প্রতিবেশী হিন্দু ভাইদের সাথে আমার সম্পর্ক কেমন, সেটা আপনারা জানেন। ৫ আগস্টের পর অনেকে বিভিন্ন অপকর্ম করে জামায়াতের নামে চালিয়ে দেয়ার পুরনো সংস্কৃতি চালু করতে চেয়েছে। কিন্তু আমীরে জামায়াতের নির্দেশে আমরা সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে মতবিনিময় করে তাদের পাশে থাকার কারণে সেই সুযোগ এবার কোনো অশুভ শক্তি নিতে পারেনি।
সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ও বরিশাল-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন বাবর। মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মৃণাল কান্তি সাহা, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী, সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব অপু, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দে, রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিজেত্মানন্দসহ দেড় শতাধিক হিন্দু ধর্মের নেতা মতবিনিময় সভায় অংশ নেন।
হিন্দু ধর্মের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পূজায় কোনো পুলিশের ডিউটি লাগবে না। ৫ আগস্টের পর জামায়াত নেতাকর্মীদের ভালোবাসায় আমরা যেন জামায়াতকে নতুনভাবে চিনেছি। জামায়াতের প্রতি আমাদের সেই আস্থা তৈরি হচ্ছে। আগামী দিনে মিলে মিশে সম্প্রীতির বাংলাদেশ তৈরিতে আমরা শামিল থাকতে চাই।