জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস

বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন


২ অক্টোবর ২০২৫ ১১:৫২

স্টাফ রিপোর্টার : দেশের প্রভাবশালী তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার অধ্যাপক ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর বৈঠক হয়। একই দিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের অনুন্নত, স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা ড. ইউনূসের সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন। নিউইয়র্ক অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন অধ্যাপক ড. ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোসহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। ১ অক্টোবর দুপুরে এ রিপোর্ট লেখার সময় তিনি ও তার সফর সঙ্গীরা ঢাকার পথে রয়েছেন।
আওয়ামী লীগের কার্যক্রম ইস্যুতে প্রধান উপদেষ্টার মন্তব্য ও সরকারি দাবি
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ড. ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসেবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এ কার্যক্রম আবার চালু করা হতে পারে। কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে, সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই। কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তবে এখন তাদের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সবসময় দায় অন্যের ওপর চাপিয়েছে।
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, আওয়ামী লীগের ‘কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না।’ বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
জাতিসংঘে ভাষণে গণতান্ত্রিক অগ্রগতি ও সংস্কার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ন্যায়বিচার, সংস্কার এবং নতুন করে আন্তর্জাতিক সংহতির জন্য এক শক্তিশালী আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের সভাপতি ও সকল সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ সনদের ৮০তম বার্ষিকীতে অভিনন্দন জানান। তিনি জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করেন, তবে একই সঙ্গে বহুপাক্ষিকতা আরও শক্তিশালী করতে এবং উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর নিশ্চিত করতে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রূপান্তরের কথা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার প্রক্রিয়াকে অনুপ্রাণিত করতে যুবসমাজ ছিল মুখ্য চালিকাশক্তি, যা বর্তমানে ‘জুলাই ঘোষণাপত্র’-এ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, অবাধ নির্বাচনের প্রস্তুতি এবং স্বচ্ছতা, স্থিতিশীলতা ও বিনিয়োগের জন্য বিস্তৃত অর্থনৈতিক ও শাসন সংস্কারের অগ্রগতির ওপর আলোকপাত করেন।
মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটি বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছে, জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সঙ্গে সহযোগিতা করছে এবং অতীতের অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নিয়েছে।
সার্ক পুনরুজ্জীবনে জোরালো আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবনের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৬ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন। ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘চার দশক আগে গঠিত সার্ক প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটি শক্ত ভিত্তি গড়ে দিয়েছিল। রাজনৈতিক অচলাবস্থার পরও সংস্থাটির প্রাতিষ্ঠানিক কাঠামো কার্যকর রয়েছে এবং এটি এখনো কোটি কোটি মানুষের কল্যাণ নিশ্চিত করতে সক্ষম।’
পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কেবল মাত্র ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে, যেখানে ইসরাইল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায়বিচার কার্যকর হবে। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের রোহিঙ্গা সম্মেলনে যোগদান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছে।
জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠক করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থার সদর দপ্তরে বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ এবং আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।