হারিয়ে যাচ্ছে রানি মাছ


৬ মার্চ ২০২৫ ১২:৪৮

মো. সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) : এশিয়া মহাদেশের অন্যতম হাওর ‘হাকালুকি’। নদনদী, খাল-বিল, ঝিলে বিভিন্ন জাতের মাছ ধরা পড়লেও দেশীয় প্রজাতির রানি মাছের দেখা মিলছে না। দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের মাছের সঙ্গে রানি মাছ আজ বিলুপ্তির পথে। বিশেষ করে আষাঢ় মাসের মাঝামাঝি সময় থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত হাকালুকি হাওর ও বিভিন্ন জলাশয়ে অন্যান্য দেশীয় মাছের সাথে রানি মাছ ধরা পড়তো। কিন্তু কয়েক বছর যাবত এ মাছের খুব একটা দেখা পাওয়া যাচ্ছে না।
অন্য সময়ের চেয়ে এখন এ মাছ একেবারেই কম পাওয়া যাচ্ছে। সরেজমিন হাকালুকি হাওরে গিয়ে মৎস্যজীবীদের সাথে কথা বলে জানা যায়, বিলে পাখি শিকারে বিষপ্রয়োগ ও বিল সেচে মাছ ধরার কারণে এ প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে রানি মাছ একেবারেই না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ জাতীয় মাছ টিকিয়ে রাখতে ও বংশ বিস্তারের লক্ষ্যে মৎস্য বিভাগের কোনো উদ্যোগ নেই বললেই চলে। এর ফলে হাকালুকি হাওরসহ খাল-বিল, জলাশয়ের অতি পরিচিত রানি মাছ আজ বিলুপ্তির পথে। ফলদ, বনজ ও জলজ সম্পদে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ভ্রমণ পিপাসু পর্যটকদের আকর্ষণীয় স্থান ওই হাকালুকি হাওর।
এ হাওর ও জলাশয় থেকে সারা বছরই মাছ ধরা হয়। হাকালুকি হাওরের খাল-বিলসহ আশপাশের জলাশয় ও মৎস্য ভাণ্ডারগুলোয় নানা প্রজাতির মাছ বংশ বিস্তার করে। এ লক্ষ্যে মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন স্থানে অভয়াশ্রমও গড়ে তোলা হয়েছে। তেলাপিয়া, কার্পো, রুই, কাতলসহ ওই জাতীয় মাছের উৎপাদন ও বংশ বিস্তারে মৎস্য বিভাগ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু দেশীয় ও স্থানীয় প্রজাতির মাছের বংশ বিস্তারে ও রক্ষায় তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি। মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরে ২৪৩টি ছোট-বড় বিল রয়েছে। বিভিন্ন খাল-বিল ও জলাশয় থেকে প্রায় ২৩ প্রজাতির দেশীয় মাছ বিলুপ্ত হয়ে গেছে। ওই জাতীয় মাছের বংশ রক্ষায় কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ না করায় বিলুপ্তপ্রায় এ মাছ সম্পর্কে নতুন প্রজন্মের অনেকেই পরিচিত হতে পারছেনা।
তন্মধ্যে অন্যতম হচ্ছে রানি মাছ। রানি মাছ বৃহত্তর সিলেটের মানুষের কাছে বেশ পরিচিত। খেতেও সুস্বাদু।
আগে বিভিন্ন হাটবাজারে রানি মাছের ব্যাপক বেচাকেনা ছিল। ধীরে ধীরে এ প্রজাতির মাছের সংখ্যা কমতে থাকায় অতি পরিচিত রানি মাছ আজ অনেকটা হারিয়ে যাচ্ছে। এ ব্যাপারে অত্রাঞ্চলের মৎস্যজীবীদের সাথে কথা হলে তারা বলেন, অন্যান্য মাছের মতো রানি মাছ চাষে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হলে হাকালুকি হাওরসহ আশপাশের জলাশয়গুলোয় আবারো অতীতের ন্যায় রানি মাছের দেখা মিলবে।