শাহজাদপুরে জামায়াতে ইসলামীর গণসমাবেশ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৮
এমএ জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। গণহত্যা ও ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। সরকারের ভেতরে-বাইরে থাকা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ-ন্যায়পরায়ণ নেতৃত্ব চায়। সম্প্রতি দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান এ সময় বলেন, ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি ও ফ্যাসিবাদীরা পালিয়ে গেছে। দেশের মানুষ নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মো. মিজানুর রহমান সভাপতিত্ব করেন।
গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যাপক মাওলানা মো. শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মো. শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা আমীর মো. আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলার আমীর অধ্যাপক শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মাওলানা মো. আব্দুল মালেক, যুব জামায়াতের শাহজাদপুর উপজেলা সভাপতি মো. আবু ইসহাক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মো. ফরহাদ হোসেন প্রমুখ।
গণসমাবেশ শেষে সমাবেশস্থল থেকে জামায়াত নেতৃবৃন্দ বিশাল একটি মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বর হয়ে সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।