আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : মাসুদ সাঈদী
২২ নভেম্বর ২০২৪ ১২:০০
কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইস্কুল মাঠে গত ১৭ নভেম্বর রোববার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইলিয়টগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, আওয়ামী লীগের সব সন্ত্রাসী, চাঁদাবাজ ও দেশের অর্থ বিদেশে পাচারকারী নেতা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদী রাজনীতি এদেশে নিষিদ্ধ করতে হবে যাতে এদেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কারণ মুজিববাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাঁথা।
তিনি বলেন, দেশপ্রেমিক রাজনীতিকরা যখন রাষ্ট্র গঠনের জন্য দিনরাত পরিশ্রম করছেন, তখন দিল্লিতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এখন তিনি চট করে দেশে ঢুকে পড়ার ষড়যন্ত্র করছেন। আমরা বলি, আপনি আসুন। সৎ সাহস থাকলে দেশে আসুন। দেশের মানুষ আপনার আগমনের অপেক্ষায়। আপনি দেশে এলেই সকল গুম-খুনের বিচার, জুলুম-নির্যাতনের বিচার, কুরআনের পাখি আল্লামা সাঈদীসহ নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দের হত্যার বিচার, জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, এ আওয়ামী ফ্যাসিবাদের বিচার করতেই হবে। এমন বিচার করতে হবে, যা দৃষ্টান্ত হয়ে থাকে। যাতে এদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠতে না পারে।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আমীর মো. দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. শিমুল হাজারীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদে সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা জেলা উত্তর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা জেলা উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা খন্দকার আবুল বাশার, চান্দিনা উপজেলা আমীর মাওলানা মো. মিজানুর রহমান, মুরানগর উপজেলা আমীর আ ন ম ইলিয়াস উদ্দিন ও ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সভাপতি জিসান আহমেদ প্রধান।
হাফেজ মো. তরিকুল ইসলামের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে এছাড়া বক্তব্য রাখেন ইঞ্জি. শওকত আকবর, মাওলানা মহিউদ্দিন সোহেল, মাওলানা আবু ছালেহ গাজী, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা গোলাম মাওলা ফারুকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।