আদর্শ জীবন গঠনে আত্মশুদ্ধি ও নৈতিক নেতৃত্ব জরুরি -মুহাম্মদ শাহজাহান


২২ জুলাই ২০২৬ ১৪:৫২

চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আত্মশুদ্ধি, নৈতিকতা ও আদর্শভিত্তিক জীবন গঠনের বিকল্প নেই। ব্যক্তির চরিত্র, সততা ও দায়িত্ববোধই একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণের প্রধান ভিত্তি।
গত ১৭ জুলাই শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হোটেল সৈকতে আয়োজিত দিনব্যাপী সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, আদর্শবান মানুষ গড়ে তুলতে হলে কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ, আত্মসমালোচনা, শুদ্ধ চরিত্র গঠন এবং সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত ও সামাজিক জীবনে সততা, আমানতদারি, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের চর্চা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, জ্ঞানার্জন, আত্মোন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততার মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে। আদর্শ, নৈতিকতা ও কর্মদক্ষতার সমন্বয়েই ব্যক্তি ও সমাজের টেকসই উন্নয়ন সম্ভব।
এডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুসংগঠিত ও জনমুখী কার্যক্রম জোরদার করতে হবে। পরিকল্পিত সাংগঠনিক কার্যক্রম, দক্ষ নেতৃত্ব এবং শ্রমিকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে শ্রমিক কল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুছ এবং সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।