এনডিএফ-এর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স

সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার নামই হচ্ছে জাস্টিস : মিয়া গোলাম পরওয়ার

সোনার বাংলা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার নামই হচ্ছে জাস্টিস। তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায় বিচার চাই) স্লোগান দিয়েছে। এই ন্যায় বিচার হচ্ছে সমাজের সকল স্তরের বৈষম্য দূর করে সকল নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। কোটা প্রথা নামক যেই ব্যাধি সেখান থেকে বেরিয়ে আসা। কিন্তু বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে দেখা যাচ্ছে সরকার সেই পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনছে। প্রশাসনের সর্বস্তরে যেই নিলজ্জ দলীয়করণ চলছে এই দলীয়করণ অব্যাহত রেখে কখনো ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, মহানবীর (সা.) আদর্শে সমাজ গড়তে পারলে সর্বস্তরে শান্তি বিরাজ করবে। নবীর আদর্শে শুধু মানবদেহে নয় সমাজেও শান্তি আসবে। তিনি বলেন, সমাজ থেকে অন্যায়, অনাচার, সন্ত্রাস, চাঁদাবাজি দূর করতে হলে সীরাতুন্নবী (সা) এর আদর্শে সমাজ বিনির্মাণ করতে হবে। উপস্থিত চিকিৎসকদের তিনি মহানবী (সা.) এর আদর্শে মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে যেই ভূমিকা রেখেছে তা চিরস্মরণীয়। তিনি বলেন, যখন শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল আহত, গুলিবিদ্ধ, রক্তাক্তদের চিকিৎসা না দিতে। সুচিকিৎসার পরিবর্তে আহতদের হাত-পা কেটে দিতে। তখন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চিকিৎসকেরা মানবিকতার পরিচয় দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা দিয়েছেন। এরজন্য অনেক চিকিৎসককে ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার হতে হয়েছে। তারা কোনো চিকিৎসককে ঢাকা শহর থেকে বদলি করে মফস্বলে পাঠিয়েছে। আবার কোনো কোনো চিকিৎসককে নিজ মেডিকেল বিভাগ থেকে পরিবর্তন করে অন্য মেডিকেল বিভাগে বদলি করেছে! যেটি ছিল এক ভয়ঙ্কর অবস্থা। কারণ স্বাস্থ্য সেবার মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরে এক মেডিকেল বিভাগের চিকিৎসক আরেক মেডিকেল বিভাগে চিকিৎসা দেওয়া কঠিন এবং জটিল। এতো কিছুর পরও এনডিএফের চিকিৎসকেরা এমন আদর্শের পরিচয় দিয়েছেন যেই আদর্শ রাসূল (সা.) এর মানবতার আদর্শ। তিনি বলেন, রাসূল (সা.) এর আদর্শ থেকে বিচ্যুতি ঘটলে সমাজে অশান্তি ভর করে। বাংলাদেশে যতদিন না রাসূল (সা.) আদর্শে সমাজ ব্যবস্থা গড়ে তোলা যাবে ততদিন এদেশের মানুষ শান্তি খুঁজতেই থাকবে। মানুষের তৈরি আইনে সমাজে শান্তি আসেনি, আসবে না। ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি আসছে এবং আসবে। তাই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণীপেশার সব মানুষকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মো. নুর উদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে আরও বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, মতিঝিল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ভাবধারার বিভিন্ন পরিবেশনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মহানবী (স) এর প্রতি ভালোবাসা, তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় এবং নৈতিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।