বগুড়া মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলন

সরকার জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : বিরোধীদলীয় নেতা

সোনার বাংলা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, নতুন সরকার জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এগিয়ে নেবো।

শনিবার ১২ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর ও জেলা শাখার উদ্যোগে স্থানীয় মম ইন কনভেনশন সেন্টারে বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে রুকন সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে। জনগণের দেওয়া এ দায়িত্ব আমাদের পূর্ণ আমানতদারিতার সঙ্গে আঞ্জাম দিতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতাকর্মীদের এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

দৃঢ় ঈমান, অটল মনোবল ও বিপুল হিম্মত নিয়ে দেশ ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জামায়াতের নেতাকর্মীদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

আমীরে জামায়াত বলেন, শহীদ আব্দুল মালেক, ফকির আব্দুর রাহমান ও অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর স্মৃতিবিজড়িত বগুড়া ইসলামী আন্দোলনের একটি বুনিয়াদি ঘাঁটি। এ এলাকার মানুষ আগামী দিনেও দেশ ও জনগণের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়ার দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব গোলাম রাব্বানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনূর আলম এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য সৈয়দ আব্দুল আজিজ।

মহানগর জামায়াতের সেক্রেটারি আসম মালেক ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বগুড়া জেলা ও মহানগরের প্রায় সাড়ে পাঁচ হাজার পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয় এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রুকনদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের পূর্বে আমীরে জামায়াত বগুড়া জেলার ধুনট উপজেলায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে মতবিনিময় করেন এবং শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।