নির্ভীক সাংবাদিকরা অনেক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েন : এডভোকেট জুবায়ারে
১২ সেপ্টেম্বর ২০২৬ ১১:১২
বাংলাদেশে সাংবাদিকতার চ্যালেঞ্জ তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্ভীক সাংবাদিকরা অনেক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েন। অনেক ক্ষেত্রে ফ্যাসিবাদের বিদায় হলেও ভিন্ন রূপে অনেকে রয়ে গেছেন।
শুক্রবার ১১ সেপ্টেম্বর রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা/মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট জুবায়ের বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই- যেখানে সাংবাদিকরা সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পাবেন, অন্যায়ভাবে কোনো প্রকার হয়রানির ঝুঁকি কিংবা ক্ষতির মুখে পড়ার চ্যালেঞ্জ থাকবে না।
তিনি আরও বলেন, কায়েমি ও ফ্যাসিবাদী শক্তি দেশের ব্যাংকিং খাত ও মিডিয়াকে ধ্বংস করে দিয়েছে। এই কায়েমি শক্তি সর্বদা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে। সুযোগ বুঝে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এজন্য আমাদের সাবধানে পথ চলতে হবে। এই কায়েমি শক্তি চব্বিশের ৫ আগস্টের পর অনেক মিডিয়ার দখল নিয়ে সরকারকে সাময়িক সুবিধা দিলেও তারা এক সময় উল্টো ছোবল দিবে- তাতে কোনো সন্দেহ নেই। জামায়াতের দায়িত্বশীলদের যেকোনো ঘটনার তাৎক্ষণিক সঠিক তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহের মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম, তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, দারসুল কোরআন পেশ করেন মুফতি আলী হাসান উসামা। উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব সালাহ উদ্দিন আইউবী, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামছুল আরেফীন প্রমুখ।
কর্মশালায় সারাদেশের জেলা ও মহানগরীসমূহের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।