আল্লামা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রশিবিরের দোয়া ও মিলাদ মাহফিল

সোনার বাংলা অনলাইন
১৩ আগস্ট ২০২৫ ২৩:২০

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। বুধবার (১৩ আগস্ট) বাদ আসর ঢাকা কলেজের কেন্দ্রীয় মসজিদে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আঃ রহমান আফনানের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সব সময় ইসলামের জন্য কাজ করেছেন। শুধুমাত্র ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের ধারা পরিবর্তন করে দিয়েছিলেন।
অতীতে মাহফিল অর্থই ছিল কেচ্ছা কাহিনি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সেই কেচ্ছা কাহিনির পরিবর্তন ঘটিয়ে কুরআন ও হাদিসের আলোকে তাফসির করতেন। তিনি কুরআন দিয়ে আল্লাহর সৃষ্টি এমনভাবে বিশ্লেষণ করতেন যা সবার মনোজগত আকর্ষণ করত। এটা তার বক্তব্যের অনন্য একটি গুণ ছিল। তার রেখে যাওয়া দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আমরা চালিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আর দুনিয়ার জীবন তো খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না। তাই সবসময় আমরা আখিরাতের কথা চিন্তা এবং মৃত্যুর কথা স্মরণ করব। আমরা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত দান করেন।
এছাড়াও ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব এমন একজন আলেম ছিলেন যাকে সকল শ্রেণির মানুষ পছন্দ করতেন ও ভালোবাসতেন। যার কোন আলোচনা নিয়ে সমালোচনা করার সুযোগ ছিল না। এর কারণ, তিনি কুরআন ও হাদিস দিয়ে কথা বলতেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের প্রেরণার বাতিঘর। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।