পাঁচ পায়ের বাছুর, দেখতে হাজারো মানুষ
সংবাদদাতা
৯ জুলাই ২০২৫ ১০:৪৯
৯ জুলাই ২০২৫ ১০:৪৯
মোস্তাফিজুর রহমান গোপালপুর টাঙ্গাইল সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জন্ম নিয়েছে পাঁচ পায়ের এক বিরল আকৃতির গরুর বাছুর। ব্যতিক্রমী এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে হাজারো মানুষ ভিড় জমাচ্ছে বাছুরটিকে এক নজর দেখার জন্য।
গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামের স্থানীয় কৃষক মো. শাহিন মিয়ার বাড়িতে গত শনিবার সন্ধ্যায় তার গাভীটি স্বাভাবিকভাবেই বাছুর প্রসব করে। কিন্তু দেখা যায় বাছুরটির সামনের পায়ের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা এবং পিছনে রয়েছে দুইটি পা। তিন পায়ের উপর ভর করে চলাচল করছে। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি কোনো রোগ নয় বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য।
এই অদ্ভুত গরুর বাছুরকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো কৌতূহলী মানুষ। কেউ কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে।
স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন জানান গরুর পাঁচ পা হয় এটা কখনো আগে দেখি নাই এবং বিশ্বাসও করি নাই। আজকে দেখে আমি অবাক হলাম।
বাছুরটির মালিক মো. শাহীন মিয়া এই ঘটনাটি আমার পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনেকেই বলছে এটা সৌভাগ্যের প্রতীক। আমরা বাছুরটিকে বিশেষ যত্ন নিচ্ছি।
গোপালপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. গোলাম মোর্শেদ জানান, এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল। তবে এটি প্রাণীর স্বাস্থ্যের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না যদি অন্য কোনো জটিলতা না থাকে।