ঠুনকো ঘটনায় আয়াসের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি জামায়াতের

প্রেস বিজ্ঞপ্তি
১২ অক্টোবর ২০২৬ ২১:১০

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঠুনকো ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এবং জুলাইযোদ্ধা এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার ১২ অক্টোবর সোমবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা ও রিমান্ডে নেয়া উদ্বেগজনক। ঠুনকো ঘটনায় মামলা দিয়ে নাগরিকদের হয়রানি এবং জুলাইয়ের পক্ষের শক্তিকে ঘায়েল করার অপচেষ্টা দেশব্যাপী চালানো হচ্ছে খোদ সরকার এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা একটি অংশের মদদে। মনে হচ্ছে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির উত্থানের পথ প্রশস্ত করতে তৎপর প্রশাসনের একটি অংশ। আমি আয়াসের বিরুদ্ধে অন্যায়ভাবে দেয়া মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি দাবি করছি।

এডভোকেট জুবায়ের বলেন, সরকার জুলাইকে ধারন না করায় এদেশের জুলাই বিপ্লবের পক্ষের শক্তিকে হেনস্তা, হয়রানি, জুলুম ও নির্যাতন করে দমনের পথ বেছে নিয়েছে বলে আয়াসের ঘটনায় প্রতীয়মান। আমরা সরকারকে এহেন কর্মকাণ্ড থেকে বিরত থেকে আধিপত্যবাদবিরোধী শক্তিকে সম্মান প্রদর্শন এবং জুলাই চেতনাকে ধারন করে জনগণকে নিরাপত্তা প্রদান, আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সহনশীল রাজনীতি চর্চার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, আয়াস আগ্রাসনবিরোধী ভূমিকা পালন করে আসছেন, যা বাংলাদেশের স্বাধীনতাকামী সকল মানুষের প্রত্যাশার প্রতিচ্ছবি। কিন্তু আধিপত্যবাদবিরোধী বক্তব্যকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর সাথে মিলিয়ে তাকে ভিক্টিম করা হয়েছে, যা অনভিপ্রেত ও অসংগত। আমরা অবিলম্বে আয়াসসহ চারজনের বিরুদ্ধে অন্যায়ভাবে দেয়া মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি দাবি করছি।