বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
২৭ নভেম্বর ২০২৬ ২২:৩৮
বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করার কারণে ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
আজ ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আমীরে জামায়াতের সাথে ‘Beyond Campus: Leading Tomorrow’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এসময় ছাত্রসংসদগুলোর প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও বক্তব্য রাখেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ নির্বাচন হয়েছে। দুটি মেনে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছি। একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার করেছে এবং সংকট সেদিন থেকেই তৈরি হয়েছে। একদিকে এ সংকট তৈরি করা, আরেকদিকে ফ্যাসিবাদীদের লালন করার কারণে ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে। আমরা বিশ্বাস করি, চব্বিশে রক্ত দেওয়া এ যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে আসতেও দিবে না, বসতেও দিবে না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলার চরম অবনতির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। তোমরা সামনে এগিয়ে যাওয়ার দরজা খুলে দিয়েছো। দেশ গড়ার কাজে জামায়াতে ইসলামী যে অঙ্গীকার জাতির প্রতি করছে, সততার মানদণ্ডে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই বাংলাদেশে ছাত্রজীবন শেষ করা শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানান আমীরে জামায়াত। পাশাপাশি শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ জাকসু জিএস মাজহারুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ চাকসুর জিএস ইব্রাহিম রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জকসুর ভিপি রিয়াজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, এডভোকেট শিশির মোহাম্মদ মনির, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই বাংলাদেশ ও আজকের এ অনুষ্ঠান জুলাইয়ের তাজা রক্তের উপর দাঁড়িয়ে। ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন এ জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল, একটি অধীনস্থ গোলাম জাতিতে পরিণত করার সমস্ত আয়োজন যেখানে করা হয়েছিল, জুলাইয়ের জনতা সেই শৃঙ্খল ভেঙে দিয়েছিল।
তিনি বলেন, কোটার ঘোরপ্যাঁচে ফেলে মেধাকে অবমূল্যায়ন করে দলীয়তন্ত্র কায়েমের তামাম আয়োজন করা হয়েছিল। দেশবাসী ও ছাত্রসমাজের উপর তাণ্ডব চালানো হয়েছিল। এর সবকিছু বিস্ফোরিত হয়েছিল জুলাইতে।
আমীরে জামায়াত বলেন, জুলাইয়ের আন্দোলনের সাথে অনেক দল সম্পর্ক অস্বীকার করলেও জামায়াতের সেক্রেটারি জেনারেল প্রেস কনফারেন্স করে জামায়াতে ইসলামী ও জাতিকে ছাত্রসমাজের পাশে দাঁড়ানো, সর্বাত্মক সহযোগিতা এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। কোনো হীনমন্যতা আমরা দেখাইনি।
তিনি বলেন, ফ্যাসিবাদ বিশ্ববিদ্যালয়গুলোয় অসুস্থ পরিবেশ, খুনের রাজধানী, ছোপ ছোপ রক্ত ও কাড়ি কাড়ি লাশের জঞ্জাল রেখে গিয়েছিল। এসব যন্ত্রণা থেকে ৫ আগস্ট আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, ৫ আগস্ট পর্যন্ত বর্তমানে সরকারে যারা এবং আমাদের বক্তব্য ও ওয়াদা এক ছিল। ৫ আগস্টের পর অনেকে বদলে গেছেন।
আমীরে জামায়াত বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি, দখলবাজি আগের চেয়ে বেশি গতিতে চালানো হচ্ছে। তারা সেখান থেকে সরতে পারছেন না। শুধু তাই নয়, যে ফ্যাসিবাদ মানুষের উপর তাণ্ডব চালালো, জাতিসংঘের হিসাবে ১৪০০ লোককে শহীদ করল, ২৪ হাজার লোককে পঙ্গু করল, সেই ফ্যাসিবাদীদের কেউ কেউ অর্থ, স্বার্থ ও ভোটের বিনিময়ে এবং সম্পদ ভাগাভাগির বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি শহীদ ও পঙ্গুদের সাথে সুস্পষ্ট প্রতারণা। আমরা ও সাধারণ যুবসমাজ এটি চায়নি।
তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে জটিল জায়গায় এসে দাঁড়ায়। যদি তারা ভুল জায়গায় দাঁড়ায়, তাহলে সারা জীবনে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। জাতি এগিয়ে যায় সিনিয়র ও অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে। যদি সমন্বয় না হয়, তাহলে কোনো অবস্থায় জাতিকে নিয়ে সামনে এগোনো যাবে না।

আমীরে জামায়াত বলেন, আমার স্বপ্ন এ দেশের চার কোটি যুবককে নিয়ে। আমরা চাই তরুণরা ককপিটে বসে এ জাতিকে নেতৃত্ব দেবে, আমরা সাথে থাকব। জাতির দায়িত্বভার তরুণদের গ্রহণ করতে হবে। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রসংসদ নির্বাচন সহজে শিক্ষার্থীরা পায়নি, লড়াই করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে চায়নি, রাজনীতিবিদদের একটি অংশ নাখোশ ছিল। নির্বাচন আদায়ের মাধ্যমে ছাত্রসমাজ উপকৃত হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হয়নি, সেখানে শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম-গেস্টরুমের নরক ছিল। শিক্ষার্থীরা গণরুম, গেস্টরুমের কালচারকে গুঁড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়কে যারা অস্থির করে তুলত, তাদের মুখে শিক্ষার্থীরা বিষ ঢেলে দিয়েছে- এজন্য তোমাদের মুবারকবাদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতা করেনি। শিক্ষার্থীরা যা করতে পেরেছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যুদ্ধ করে, লড়াই করে করেছে। অনুকূল পরিবেশ পেলে তিন গুণ করা সম্ভব ছিল। প্রশাসনের অসহযোগিতার জবাব একদিন দিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, স্টার্টআপ হওয়ার জন্য মেধা ও ইচ্ছা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ। এ তিনটি একত্রিত হলে আমরা এগিয়ে যাব। এটি আমাদের আছে এবং এ নিয়ে আমরা কাজ করছি, জাতিকে নিয়ে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, জাতির স্বার্থে দলীয়করণের বিরুদ্ধে আমরা ভয়েস রেইজ করেছি, নিন্দা জানিয়েছি, ঘৃণা জানিয়ে আসছি। আমরা আত্মবিশ্বাসী, এ সমস্ত দলীয়করণের জায়গা ভেঙে তছনছ করে দিব, ইনশাআল্লাহ। সরকার মেরিটোক্রেসির কথা বললেও পলিটোক্রেসির দিকে গেছে। এজন্য আমরা তাদের মেরিটোক্রেসিতে আসতে বাধ্য করব।
আমীরে জামায়াত বলেন, এ দেশে জন্ম নেওয়া নারী বা পুরুষ প্রত্যেকেই সমান অধিকার ভোগ করবে। কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। সমাজ ও দেশ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেলে টেকসই সমাজ ও দেশ গড়ে উঠবে না। সবারই নাগরিক ও মৌলিক মানবিক অধিকার সমানভাবে ভোগ করা উচিত। আমরা সবাইকে একই দৃষ্টিতে দেখতে চাই।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের অনেক লোককে খুন, গুম, পঙ্গু করাসহ ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ভুক্তভোগী পরিবারের সদস্যদের বলেছি, আইনি প্রতিকারের অধিকার আছে, তবে একজন নিরীহ মানুষকে আসামি করা যাবে না।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ প্রজন্ম আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য যুগে যুগে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকাগুলো রেখেছে, সেটি সময়ের ব্যবধানে বাংলাদেশের বাঁক বদলে দিয়েছে। জুলাইয়ের চেতনায় আগামীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য ছাত্র-শ্রমিকসহ সহস্রাধিক মানুষ জীবন দেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সকল ষড়যন্ত্র মাড়িয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিদের পেয়েছে। দৃঢ়তার সাথে বলতে পারি, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা কেউ ক্যাম্পাসে আঘাতপ্রাপ্ত হয়নি। কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অপকর্মের সাথে তারা যুক্ত হয়নি। নতুন বাংলাদেশ, আত্মপ্রত্যয়ী, স্বনির্ভর, মর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, ছাত্রসংসদ মানে টেন্ডারবাজি, দখলবাজি ও সিট বাণিজ্য, মারামারি, সেশনজট- এটি ছিল বিগত ছাত্রসংসদের চিত্র। স্বাধীনতার পর এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা বিরাট পরিবর্তন এনেছে। এ পরিবর্তনের পিছনে ছিল তাদের সততা, নৈতিকতা, দক্ষতা, দেশপ্রেম এবং আদর্শ। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দুর্ভিক্ষ হচ্ছে নৈতিকতার। এর অভাবে আজ বাংলাদেশ অনেক পিছনে পড়ে রয়েছে। নৈতিকতার অভাবে বিগত শাসকরা দেশকে এগিয়ে নিতে পারেননি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়ে শিক্ষার্থীরা যে সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, ক্রিয়েটিভিটি, ইনোভেশন দুনিয়াকে দেখিয়েছে, আগামীর নেতৃত্বে এরাই আসবে। বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচিত প্রতিনিধিরা যে শতভাগ সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে পারে, এটি বাংলাদেশে বিরল ঘটনা। নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রজীবনের নীতি-নৈতিকতার শিক্ষা কর্মজীবনে গিয়ে জাতিকে বদলে দেওয়ার আহ্বান জানান তিনি।