শেখ হাসিনাকে কেবল হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনা সম্ভব -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৫ নভেম্বর ২০২৬ ২১:১৯
স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই আলাদা জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে! দুঃস্বপ্নের মধ্যে দেখে— আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি! তিনি (শেখ হাসিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে (শেখ হাসিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব। প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
গত ২৪ নভেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে বলে বিদেশি কূটনীতিকদের অবহিত করার জন্য সরকার এ ব্রিফিংয়ের আয়োজন করেছিলো। এ সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান, ভারতসহ ঢাকায় বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে ৫০টির বেশি মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কূটনীতিকদের মধ্যে কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বক্তব্য দেন।
ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, ‘আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সম্পৃক্ততাকে আমরা অত্যন্ত গুরুত্ব দেই। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে আমরা আপনাদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চান তিনি।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি স্থানে ১৫৮টি সহিংসতার ঘটনার তথ্য সরকারের কাছে রয়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশের স্থাপনায় হামলা করেছে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের একটি থানায় হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি ও থানার ভবনে আগুন দেন, অস্ত্র ও গোলাবারুদ লুট করেন এবং হেফাজতে থাকা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্যও গুরুতর আহত হন। প্রতিমন্ত্রী জানান, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে আরেকটি থানায় হামলা হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেয়া হয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত করা হয়। নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও ভাঙচুরের কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, সিলেটে পুলিশের গাড়িতে হামলা এবং নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলার তথ্যও তুলে ধরেন হুমায়ুন কবির। তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতিকে বাধাগ্রস্ত করা এবং শ্রমিকদের দুর্ভোগ বাড়ানোই এর উদ্দেশ্য। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কূটনীতিকদের জানান, এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৯টি মামলা করেছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো বাংলাদেশের মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। এ দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত ভবিষ্যৎ চায়।