১৫০-২০০ জনকে হত্যায় জড়িত জিয়াউল
২৫ নভেম্বর ২০২৬ ২১:১৭
স্টাফ রিপোর্টার : শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। গত ২৪ নভেম্বর মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনার এ মামলার যুক্তিতর্কে একসঙ্গে উপস্থিত হয়ে মামলার বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের প্রতি সংহতি জানাতে তিনজনের একসঙ্গে বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
দিনের প্রথমার্ধের শুনানি শেষে রুহুল কুদ্দুস কাজল বলেন, আজকে যার বিচার হচ্ছে, তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের মধ্যে সাবেক সেনাপ্রধান ও তার সহযোগী সেনা কর্মকর্তারাও রয়েছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ধরনের অপরাধের বিচার করা এবং এমন দৃশ্যমান বিচার নিশ্চিত করা— যেন ভবিষ্যতে কেউ নিজের পদ-পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত হতে না পারেন।
মামলাটি শুরুতে উদ্যোগ নেওয়ায় সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে ধন্যবাদ জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, অভিযুক্ত আসামির সঙ্গে কথা বলা এবং তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানার বিষয়ে সাক্ষ্যের বাইরেও তাজুল ইসলামের সরাসরি অভিজ্ঞতা রয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব বিষয় আইনের দৃষ্টিতে তুলে ধরবেন তিনি।
রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, তার যুক্তিতর্ক শুধু বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের নারকীয় তাণ্ডব ও জঘন্য অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা দেশীয় ট্রাইব্যুনালগুলো কীভাবে ব্যবস্থা নিয়েছে, সেসব বিষয়ও তুলে ধরা হবে।
এদিকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘আজ একটি বিরল ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। আমার বাম পাশে অ্যাটর্নি জেনারেল, আমি মাঝখানে অধম চিফ প্রসিকিউটর এবং আমার ডান পাশে সেই মহৎ ব্যক্তি, যিনি আমাদের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা তিনজন একসঙ্গে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি।’
গুমের ঘটনায় জিয়াউল আহসানের মামলাটিকে বাংলাদেশের প্রথম মামলা উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এই মামলার মধ্য দিয়েই গুমের বিচার প্রথম শুরু হয়েছে। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে প্রথম যে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে, সেটিও বাংলাদেশের ইতিহাসে প্রথম।
সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিমের প্রতি সংহতি জানাতে আমি ট্রাইব্যুনালে এসেছি। এটি জাতীয় একটি বিষয়। রাষ্ট্রের নাগরিকদের চিরদিনের জন্য হারিয়ে ফেলা হয়েছে। নিষ্ঠুরতম পন্থায় তাদের হত্যা করা হয়েছে। একসময় এটি একটি সংস্কৃতিতে পরিণত হয়েছিল।
এর আগে গত ২২ নভেম্বর রোববার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য গত ২৪ নভেম্বর মঙ্গলবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এ মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ১৫তম সাক্ষী হিসেবে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সাক্ষ্য দেন। পরে ২২ নভেম্বর জিয়াউল আহসান আত্মপক্ষ সমর্থনে একজন সাফাই সাক্ষী উপস্থাপন করেন।
গত ২৪ নভেম্বর মঙ্গলবার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের এ মামলায় সাক্ষীদের বর্ণনায় ১৫০ থেকে ২০০ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
‘গুমের ঘটনার ওপরে কোনো আর্গুমেন্ট এইটাই আমাদের ট্রাইব্যুনালে বা বাংলাদেশে প্রথম। সেকেন্ডলি হচ্ছে যে এত হত্যাকাণ্ড, একজন ব্যক্তি দ্বারা এত হত্যাকাণ্ডের ঘটনা এর আগে কখনো ঘটেনি।’
সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে ছিলেন জিয়াউল
সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং মেজর সাব্বির ও মেজর মনিরুল হকের সাক্ষ্যের বরাতে যুক্তিতর্ক উপস্থাপনকালে আমিনুল ইসলাম বলেন, ‘জিয়াউল আহসানের সহযোগী কমান্ডার সোহেল এবং তার সঙ্গে থাকা কয়েকজন সাংবাদিককে বোটে করে চরদুয়ানীসহ বিভিন্ন অপারেশন এলাকায় নিয়ে যাওয়া হতো। ওই সাংবাদিকরা তাদের ভাষ্য অনুযায়ী সংবাদ প্রচার করতেন এবং প্রকৃত ঘটনা গোপন করতেন।’
তিনি বলেন, সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, জিয়াউল আহসান তৎকালীন সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে ছিলেন। শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়েছেন বলেও সাক্ষ্যে উঠে এসেছে।
গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ১৪ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে ২৩ ডিসেম্বর তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তাকে গ্রেফতার করা হয়।