আইসিজের ঐতিহাসিক রায় : রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে?
২৫ নভেম্বর ২০২৬ ২০:৪৩
॥ মুহাম্মদ আল্-হেলাল ॥
মিয়ানমার তার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর পরিকল্পিত গণহত্যা চালিয়েছে। গত ১৯ নভেম্বর ২০২৬ এমনই ঐতিহাসিক রায় ঘোষণা করল জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’ (ICJ)। আদালত সসম্মানে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে। এছাড়া ২০২৮ সালের নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। গাম্বিয়ার করা এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয় এ বছর জানুয়ারিতে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের ‘পিস প্যালেস’ এর দেওয়া রায়ে জানানো হয়েছে, ২০১৬-১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশন (Clearance Operations) নামে গণহত্যা চালায়। এ সময় ১৯৪৮ সালে জাতিসংঘের গৃহীত ‘ইউএন কনভেনশন অব দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্য ক্রাইম অব জেনোসাইড’ সনদ লঙ্ঘন করা হয়েছিল। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করল। নাৎসি হলোকাস্টের পর এ নিয়ে মাত্র চতুর্থ বার কোনো আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড প্রমাণ হয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধানী মিশনের পক্ষে ১৪ এবং বিপক্ষে ১ ভোটে সিদ্ধান্তে উপনীত হয় যে ‘গণহত্যা ঠেকানো এবং এর শাস্তি প্রদানের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মিয়ানমার। আলাদা একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের কথিত শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগ বিবেচনা করছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সামরিক প্রধান এবং মিয়ানমারের বর্তমান বিতর্কিতভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং।’
গাম্বিয়ার মামলা
২০১৩ সালে মিয়ানমারে গঠিত হয় বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। ২০১৭ সালের শেষে আরসা পুলিশের চৌকিতে হামলা চালালে পাল্টা রোহিঙ্গা নিধন শুরু করে মিয়ানমারের সশস্ত্র বাহিনী তাতমাদো। এ সময় জীবন ভয়ে বাংলাদেশ পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’র হিসাবমতে, বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের আশ্রয়ে রয়েছেন। ২০১৯ সালের জুন মাসের প্রথম সপ্তাহে সৌদি আরাবিয়ার মক্কায় অনুষ্ঠিত ওআইসির ১৪তম সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটিকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে তুলে ধরার সিদ্ধান্ত হয়। এজন্য গাম্বিয়ার নেতৃত্বে ওআইসির এড হক মিনিস্ট্রিয়াল কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ঐ গণহত্যার বিচারের দাবিতে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে-তে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এই মামলায় সমর্থন জানিয়ে অংশ নেওয়ার জন্য আবেদন করে ১১টি দেশ— কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মালদ্বীপ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য। গাম্বিয়ার তৎকালীন বিচারমন্ত্রী আবুবকর তামবাদুর নেতৃত্বাধীন আইনজীবীদের দল যুক্তি দেয়, মিয়ানমার জাতিগত নিধন চালিয়ে ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘন করেছে। গাম্বিয়ার প্রশংসায় নো পিস উইদাউট জাস্টিস সংস্থার পরিচালক এ্যালিসন স্মিথ বলেন, গাম্বিয়া কিছুকাল আগেই একনায়কতান্ত্রিক শাসন থেকে মুক্তি পেয়েছে। তারা রোহিঙ্গা গণহত্যার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা নিয়েছে তা সাধুবাদ পাবার যোগ্য, এবং অন্য দেশগুলোর উচিত এ দৃষ্টান্ত অনুসরণ করা। অন্যদিকে ব্রাসেলস-ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন বিবিসিকে বলেন, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার যে মামলা গাম্বিয়া দায়ের করেছে সেটি নজিরবিহীন। সাত বছর ধরে চলা এক দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান হয় এ রায়ের মাধ্যমে।
সাত বছরের আইনি লড়াই
গণহত্যার তদন্ত শুরু না হওয়া পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় গাম্বিয়া। ২০২০ সালের ২৩ জানুয়ারি একটি অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে চারটি নির্দেশনা দেয় আইসিজে— ১. মিয়ানমার সরকারকে রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিমের সুরক্ষা দিতে হবে। ২. সেনাবাহিনী কিংবা অন্য যেকোনো বাহিনী যাতে গণহত্যা না চালায়, সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. রোহিঙ্গা গণহত্যার আলামত সংরক্ষণ করতে হবে। যেটি অমান্য করে রোহিঙ্গাদের অন্তত পাঁচটি ধ্বংসপ্রাপ্ত গ্রামের চিহ্ন মুছে ফেলার প্রমাণ পেয়েছে আইসিজে। ৪. রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার জন্য মিয়ানমার কী ধরণের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন পরবর্তী চারমাসের মধ্যে আইসিজের কাছে দিতে হবে। এরপর প্রতি ছয় মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে। এসব প্রতিবেদন গাম্বিয়ার কাছে তুলে ধরা হয়। গাম্বিয়ার আইনমন্ত্রী দাউদা জ্যালোর (Dawda Jallow) নেতৃত্বে চলে এই মামলা। গাম্বিয়ার করা ঐ মামলার রায় ৩ ঘণ্টা ধরে পড়ে শোনান আদালতের প্রেসিডেন্ট বিচারক জাপানি ইয়াসাওয়া ইয়ুজি। রায়টির পক্ষে ৯ জন এবং বিপক্ষে ৬ জন বিচারক রায় দেন। রায়টি মিয়ানমারের সরকার সরাসরি স্বাগত বা প্রত্যাখ্যান না করলেও হতাশা প্রকাশ করে জানিয়েছে এটি ৯/৬ ভোটে বিভক্ত। সর্বসম্মতিক্রমে গৃহীত কোনো রায় নয়। তবে এটির প্রভাব পড়ছে বিশ্বব্যাপী।
রায়ের প্রভাব
রায় ঘোষণার সময় আদালতকক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা মানবাধিকার কর্মী ইয়াসমিন উল্লাহ। ইয়াসমিন উল্লাহ ও ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এর অভিজ্ঞ আইনজীবী মারিয়া এলেনা ভিগনোলির এই রায়টিকে বিশ্বের সমস্ত নিপীড়িত মানুষের জন্য এক মহান রায় বলেছেন। অন্যদিকে বিশ্ববাসীর নজর এখন গাজা মামলার দিকে। কারণ ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় আইসিজে কী বিচার করবে, এই রায় তার অন্যতম ইঙ্গিত। রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে কাজ করা ফরটিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ আল-জাজিরাকে দেওয়া যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার সুরেই বলেন, আইসিজেকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়েরকারী দেশ গাম্বিয়া এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকার জন্য রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান প্রত্যাবর্তন। এক্ষেত্রে যুক্তরাজ্য দেখিয়েছে কঠোর প্রতিক্রিয়া।
যুক্তরাজ্যের কঠোর অবস্থান
আইসিজের রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। এছাড়া রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন তিনি। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী দিনগুলোয় আরও পদক্ষেপ ঘোষণা করা হবে বলেও জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে ওআইসি এবং জাতিসংঘের প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বের দাবিদার।
ওআইসি ও জাতিসংঘের প্রতিক্রিয়া
আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, আইসিজের এই সিদ্ধান্ত রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য জরুরি। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, আইসিজের রায়ে স্পষ্ট হয়েছে যে মানবজাতির বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটির জন্য মিয়ানমার দায়ী। মিয়ানমারে গণহত্যার শিকার রোহিঙ্গারাও জানিয়েছেন তাদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া।
রোহিঙ্গা প্রতিক্রিয়া
মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের সহ-সভাপতি ও রোহিঙ্গা অধিকারকর্মী নাই সান লুইন বলেছেন, রোহিঙ্গাদের প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে। এদিকে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রথম সভাপতি সাঈদ উল্লাহ বলেন, ‘ন্যায়বিচারের আশায় প্রায় এক দশক ধরে আমরা অপেক্ষায় আছি। সেটি আজ পেলাম, এখন বাস্তবায়নের অপেক্ষা। আর রোহিঙ্গা মানবাধিকার কর্মী, ফয়সাল আলম বলছিলেন, দীর্ঘদিন রোহিঙ্গা যুবকদের সাথে কাজ করার আলোকে বলতে চাই, রোহিঙ্গারা মিয়ানমারের অন্যান্য জাতি গোষ্ঠীর মতো সমান সুযোগ-সুবিধা পেয়ে থাকলে তারা স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবর্তন করবে। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহাম্মদ জুবায়ের, কক্সবাজার উখিয়া ক্যাম্পের শাকেরও একই মত দেন। এছাড়া ২১৯টি সংগঠন এ বিষয়ে যৌথ বিবৃতিও দিয়েছে।
২১৯টি সংগঠনের যৌথ বিবৃতি
জাস্টিস ফর মিয়ানমারে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রদান, নাগরিকত্ব পুনর্বহাল এবং শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে। উইমেনস পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং অধিকারকর্মী ওয়াই ওয়াই নুও একই দাবি করেছেন। বেসরকারি সংস্থা এ উদ্যোগকে সমর্থন করছে তাদের মধ্যে আছে নো পিস উইদাউট জাস্টিস, ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস, দি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, গ্লোবাল জাস্টিস সেন্টারে ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো। এদিকে হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলিন, মিয়ানমারের ২১৯টি রোহিঙ্গা ও অন্যান্য নাগরিক সমাজের সংগঠন মামলাটির রায়কে স্বাগত জানিয়েছে। যে মামলার তদন্ত কাজে জাতিসংঘের বেশ বেগ পেতে হয়েছে।
‘গণহত্যার’ তদন্ত প্রক্রিয়া
রোহিঙ্গাদের ওপর কী ঘটছে— তা জানার জন্য মিয়ানমারে ঢুকতে দিতে তিনবার দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের তদন্ত মিশন। এর কোনো জবাব দেয়নি মিয়ানমার। মিয়ানমারে মানবাধিকার লংঘনের ঘটনার ব্যাপারে খোঁজখবর নেবার এক ফ্যাক্টফাইন্ডিং মিশন গঠনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল সেই তদন্তের প্রক্রিয়া। কিন্তু সেই মিশন গঠনের পাঁচ মাস পরই পুলিশ ফাঁড়ির ওপর আরসা আক্রমণের জবাবে সামরিক অভিযান শুরু করে তাতমাদো। এরপর তদন্তের স্বার্থে বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং যুক্তরাজ্যে অবস্থানরত মোট ৮৭৫ জন স্বাক্ষীর সাথে কথা বলেছেন বলে জানান অস্ট্রেলিয়ান মানবাধিকার আইন বিশেষজ্ঞ ক্রিস্টোফার সিদোতি। আরো প্রমাণ হিসেবে তারা ব্যবহার করেছেন, ভিডিও, আলোকচিত্র, দলিলপত্র, উপগ্রহ চিত্র ইত্যাদি। মি. সিদোতির কথায়, মিয়ানমারের সেনাবাহিনী এতই কঠোর নিয়ন্ত্রণের মধ্যে চলে যে কমান্ডার ইন-চিফ এবং তার অধস্তনদের অজ্ঞাতসারে কিছুই ঘটতে পারে না। তিনি বলছেন, যারা আদেশ দিয়েছেন এবং সেনাবাহিনীর যে সদস্যরা নৃশংসতা চালিয়েছেন— তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এসোসিয়েট ইন্টারন্যাশনাল জাস্টিস ডিরেক্টর পরম প্রীত সিংহও একই মত দিয়েছেন। ২০২২ সালের জুলাইয়ে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে মিয়ানমারের আপত্তি খারিজ করে দেয় আইসিজে।
মিয়ানমারের আপত্তি
মিয়ানমারের আপত্তি, রোহিঙ্গাদের জন্য সরাসরি গাম্বিয়া কোনোরকম ক্ষতিগ্রস্ত দেশ না তাই তার মামলা করার অধিকার নাই। দেশটি আরও আপত্তি, গাম্বিয়া অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ছায়া হয়ে মামলা করেছে। কিন্তু নিয়মানুযায়ী, কোনো রাষ্ট্র মামলা করতে পারে, জোট নয়। এছাড়া মিয়ানমার নিজেরাও জাতিসংঘের গণহত্যা কনভেনশনের ৯ অনুচ্ছেদ স্বাক্ষর করেনি বিধায় এই আদালতের মামলা গ্রহণের এখতিয়ার নেই। আদালতও এ বিষয়ে যুক্তি দিয়ে মিয়ানমারের আপত্তি খারিজ করে দেয়।
আদালতের যুক্তি
মিয়ানমারের এসব আপত্তির বিষয়ে আইসিজে সভাপতি বিচারক জোয়ান ই দোনোঘুই রায়ে বলেন, গণহত্যা সনদে স্বাক্ষরকারী যেকোনো দেশ অন্য দেশের গণহত্যা প্রতিকারের স্বার্থে মামলা করতে পারে। দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল না বলে যে আপত্তি তুলেছে, তাও খারিজ করে দিয়েছে আদালত। কারণ গাম্বিয়া ২০১৮ ও ২০১৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গণহত্যার বিষয়টি তুলে ধরে বক্তব্য দিয়েছে। মিয়ানমারও পাল্টা বক্তব্য দিয়েছে। মামলা করার পূর্বে মিয়ানমারের কাছে কূটনৈতিক চিঠিও পাঠিয়ে গণহত্যা বন্ধ করার দাবি জানিয়েছিল গাম্বিয়া। মিয়ানমার তার কোনো জবাব দেয়নি। এরপর গণহত্যা সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে দায়িত্ববোধ থেকেই গাম্বিয়া আদালতে এসেছে। গণহত্যা সনদ অনুসমর্থন করেনি বলে যে আপত্তি তুলেছে মিয়ানমার, এ বিষয়ে আদালত বলেছেন, এতে আদালতের এখতিয়ার ক্ষুণ্ন হয় না। ফলে আদালত এসব মিয়ানমারের আপত্তি নাকচ করে দেয়। তবে মিয়ানমারের রায় মানা নিয়ে রয়েছে সংশয়।
মিয়ানমার রায় না মানলে কী হবে
২০২১ সালে মিয়ানমারে পূর্ণমাত্রার গৃহযুদ্ধ শুরু হয়। এখনো গৃহযুদ্ধ চলছে। গৃহযুদ্ধের জেরে রোহিঙ্গাদের আদি এলাকার বড় অংশ বর্তমানে ডিফ্যাক্টো অথরিটি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সরকারের সেখানে কর্তৃত্ব অনুপস্থিত। আইসিজের রায় বাস্তবায়নের ক্ষমতা নেই। সুতরাং রায় কে, কীভাবে করবে সেটি নিয়েও রয়েছে জটিলতা। আইসিজের সংবিধির ৬০ অনুচ্ছেদ অনুযায়ী এই রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই। তবে রায়ের অর্থ বা পরিধি নিয়ে বিরোধ হলে ব্যাখ্যা চাওয়া এবং নির্দিষ্ট কঠোর শর্তে পুনর্বিবেচনার আবেদন করার ব্যবস্থা আছে। কোনো পক্ষ যদি আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়, অপর পক্ষ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে। সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদ প্রয়োজন মনে করলে রায় কার্যকর করার জন্য সুপারিশ করতে বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অন্তত ৯ সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন হয়। তবে স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের যে কেউ ভেটো দিলে প্রস্তাব আটকে যায়।
এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মীর মাসুদুল আলম বলেন, ‘নিরাপত্তা পরিষদের সদস্যদের ক্ষেত্রে ভেটো না দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে অগ্রসর হয়ে রায় বাস্তবায়ন করা জটিল’। যদিও বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাম্বিয়ার বিচার মন্ত্রী আবুবকর তামবাদউ এটি নিশ্চিত করেছেন। গাম্বিয়া ও মিয়ানমার দু’দেশেই ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। যেটি শুধু দেশগুলোয় গণহত্যা থেকে বিরত থাকা নয়, বরং এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং অপরাধের জন্য বিচার করতে বাধ্য করে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যেকোনো মামলায় পক্ষভুক্ত থাকলে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতেও অঙ্গীকারবদ্ধ। তবে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন নিয়েও রয়েছে বেশ সংশয়।
রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে
গাম্বিয়ার প্রধান আইনজীবী ও আইনি প্রতিষ্ঠান ফোলি হোগের অংশীদার আরসালান সুলেমান এবং রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা কিয়াও মিন সাবের আল-জাজিরাকে বলেন, ‘রোহিঙ্গারা ন্যায়বিচার এবং মিয়ানমারের ভেতরে ও বাইরে নিরাপত্তা চায়।’ অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হুসাইন ও আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের এশিয়া পরিচালক আন্দ্রেয়া গিওরগেটার মতো ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার আল-জাজিরাকে বলেন, এই রায় মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে জাতিসংঘের সীমাবদ্ধতার কারণে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কোনো নিশ্চয়তা দেয় না।
প্রত্যাবর্তন প্রক্রিয়া বাস্তবায়ন হওয়া নিয়ে রয়েছে জটিলতা। ২০১৯ সালের ডিসেম্বরে দ্য হেগে সশরীরে হাজির হয়ে গণহত্যার অভিযোগকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলেছিলেন মিয়ানমারের তৎকালীন নেত্রী অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এই সু চি-কে সরিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লাইং। অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) অবশিষ্ট অংশের নেতাদের নিয়ে গঠিত ছায়া জাতীয় ঐক্য সরকার আইসিজের এই রায়কে সম্মান জানিয়েছে। অং সান সু চির ২০১৯ সালের অবস্থান এবং তার দলসহ ছায়া সরকারের বর্তমান অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। সুতরাং পর্যালোচনা পরিশেষে বোঝা যায়, মিয়ানমার সরকারের ওপর আইসিজে রায়ের মাধ্যমে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার আশঙ্কা রয়েছে। ফলে ছায়া সরকারের জন্য এটি ইতিবাচক হতে পারে। আর আইসিজে সুদূরপ্রসারী প্রতিকারের নির্দেশ দিলেও মিয়ানমারের বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে শিগগিরই তা কার্যকর করার এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ নেই।
তথ্যসূত্র : আনাদোলু, সাউদি গেজেট, আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।
লেখক : এমফিল গবেষক (এবিডি), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ই-মেইল : alhelaljudu@gmail.com