অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ
২১ নভেম্বর ২০২৬ ১২:০৬
অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (এএনআইসি) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
স্থানীয় সময় শনিবার ২১ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে তিনি এ অনুষ্ঠানে যোগ দেন। মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক, হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যের আমীরে জামায়াত বলেন, আমি এই ভূমির ঐতিহ্যবাহী অধিবাসীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের অতীত ও বর্তমানের প্রবীণদের প্রতি গভীর সম্মান জানাচ্ছি। আমরা বাংলাদেশিরা জানি, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়। তাই যাঁরা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনারা বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন। এ জন্য আপনাদের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে (Mainstream Society) মুসলিম কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
তিনি মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এমন আন্তরিক ও উদার অভ্যর্থনার আয়োজন করার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (এএনআইসি) অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি ও সদস্য, ইমাম, আলেম-ওলামা, কমিউনিটি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।