জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
১৪ নভেম্বর ২০২৬ ১৬:৩৮
শনিবার ১৪ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। ফ্যসিবামুক্ত বাংলাদেশ গঠনে কারো সাথে আমরা আপস করবো না।
আজ শনিবার ১৪ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
যুব বিভাগের সভাপতি ও সহাকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে বিশেষ অতথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার; সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সরকার।
ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বার বার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ঘটিয়েছে। ১৪০০ যুবক-যুবতির রক্তের বিনিময়ে আমরা এটি পেয়েছি। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিল। তারা সকল ক্ষেত্রে ন্যায়বিচার চেয়েছিল। মানুষের মৌলিক অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সাথে আচরণ করবে- তারা সেটি চেয়েছিল।
তিনি বলেন, জনআকাঙ্ক্ষাকে, বিপ্লবীদের আকাঙক্ষাকে ধারণ করে চব্বিশের ৫ আগস্টের রক্তকে সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য পরিষদ হয়েছিল। ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সেখানে জুলাই চার্টার রচিত হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচন হবে। একটি সরকার গঠন আরেকটি রাষ্ট্রের সংস্কার বা পরিগঠন। নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মানলেন, আরেকটি মানলেন না, প্রতারণা করলেন। সংকটটি তারাই তৈরি করল। আমরা বলেছি, আমরা এ প্রতারণা মানবো না, জাতি মানবে না। বিএনপির দেয়া ওয়াদা পূরণ করতেই হবে। আমরা জনগণের এ দাবি আদায় করে ছাড়ব। আমরা এ দাবি পরিত্যক্ত হতে দেবো না। সরকার এ দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন সংশোধন চিৎকার করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ ভাগ মানুষ রায় দেয়নি। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে। নির্বাচনী ব্যবস্থার উপরে কুঠারাঘাত করছে। মানুষের আস্থার ভিত ধ্বংস করে দিচ্ছে সরকার। যে জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। ফ্যসিবামুক্ত বাংলাদেশ গঠনে কারো সাথে আমরা আপস করবো না।
আমীরে জামায়াত বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাস, যার মধ্যে এটির লক্ষণ দেখা যায় তাকেই ফ্যাসিবাদ বলা যাবে। বর্তমান সরকারের মধ্যে এর প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে। আমরা সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা দেশের জনগণের ভালোবাসায় অবিভূত। বিভাগীয় পর্যায়ে আমাদের সমাবেশ ও লংমার্চ হয়েছে। এসকল কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের দাবিগুলো কোনো দলের নয়, আপামর জনতার। দাবিগুলো জনগণের ভোটাধিকার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আদায়ের।
তিনি বলেন, অনেক যুবক এখন মাদকের গডফাদার হয়েছে। তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আজ স্কুলগুলোয় মাদক বিক্রি হয়। স্কুল শিক্ষক বলতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীকে- বাবা স্কুলে অন্তত মাদক সেবন করিও না। কার সন্তান এতে হারিয়ে যাবে তার গ্যারান্টি নেই। অত্যন্ত পরিকল্পিতভাবে দেশ ও জাতিকে ধ্বংস করতে এভাবে তরুণ ও যুবসমাজের উপর হাত দেয়া হয়েছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কিশোর গ্যাংয়ের উৎপাত শুধু শহরে নয়, গ্রামেও চলে গেছে। সমাজের জন্য এটি ভয়ংকর হুমকি। যে সমাজ ব্যবস্থা এ ধরনের অপকর্মগুলোকে ব্যক্তি ও দল এবং গোষ্ঠী স্বার্থে লালন করেছে- মূল অপরাধী তারাই। নির্দিষ্ট ক্ষুদ্র স্বার্থে বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তারা।
ডা. শফিকুর রহমান বলেন, এ সমাজকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চর দখলের মতো দখল করা হচ্ছে। জোর করে সেখানে ভিসি, প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক বসিয়ে দেয়া হচ্ছে- যাদের দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা নাই। তারা আমাদের সন্তানদের ভবিষ্যত গড়ে দেবে-এটি কল্পনা করা বোকার স্বর্গে বাস করার মতো। স্কুল কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটিগুলো দলীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে তুলে দেয়া হচ্ছে। মেধাহীন ও দলবাজ শিক্ষদের সুবিধা দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের ক্ষতি করতে আমরা এ সরকারকে আর এক মিনিটও সময় দিতে চাই না। জনগণ শুধু বুঝে নিক কার কি চরিত্র ও চেহারা। জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি ও অস্ত্র আর কাজ করে না, ভোতা হয়ে যায় বলেও সরকারকে সতর্ক করেন তিনি। চব্বিশের তরুণদের নিরস্ত্র আন্দোলনের কথাও স্মরণ করিয়ে দেন বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর দেয়া জনগণের শক্তি দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি। আল্লাহর দেয়া এ জনগণের সংগঠিত শক্তিকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই। জামায়াত যে ন্যায়ভিত্তিক সমাজ চায়- তা সবাই চায়। কেউ চায়না তার উপর কেউ জুলুম করুক, চাকরি ও ব্যবসার অধিকার কেড়ে নিক। সবাই সম্মান ও নিরাপত্তার সাথে দেশে বসবাস করতে চায়। আমরা এই সমাজটি চাচ্ছি- যে সমাজে ভালো কাজ নন্দিত হবে, খারাপ কাজ ও মন্দ ব্যক্তিরা নিন্দিত হবে। অল্প কিছু অপরাধী গোটা সমাজকে জিম্মি করে রেখেছে। এ অপরাধী চক্রভে ভেঙে তছনছ করে দিতে হবে। আল্লাহর উপর আমাদের ভরসা আছে, আমরা পারব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো ভোটচোর, ডাকাত ও ইঞ্জিনিয়ারকে ছাড় দেবো না। এখন থেকে প্রস্তুতি নিয়ে জনগণকে সংগঠিত করার আহ্বান জানান আমীরে জামায়াত। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই সকল ষড়যন্ত্র আল্লাহর উপর ভরসা করে আমরা মোকাবিলা করব। ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকা যুব সমাজকে নিয়ে যখন দৃশ্যমান কার্যক্রম আমরা পরিচালনা করতে পারবো, তখনই যুব ও ক্রীড়া বিভাগের কাজের সফলতা আসবে, উল্লেখ করেন আমীরে জামায়াত। তিনি বলেন, আমাদের বার্তা পরিস্কার, কোনো অন্যায়ের কাছে মাথানত করব না এবং কোনো অন্যায়কে মাথা তুলে দাঁড়াতে দেব না, ইনশাআল্লাহ। একটি শক্তিশালী রাষ্ট্রগঠনের তাওফিক কামনা করে বক্তব্য শেষ করেন আমীরে জামায়াত।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বিপ্লব একটি হবে সেটি হবে ইসলামী বিপ্লব। আমি আপনাদের সাথে দেখা করতে এবং সালাম দিতে আজ এখানে উপস্থিত হয়েছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাসীন শাসক দল বাংলাদেশের তরুণ সমাজকে চরিত্রহীনতা ও অনৈতিকতার ধ্বংসজোয়ারে ভাসিয়ে দিয়ে জাতি ও দেশ গঠনের আসল শক্তি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, ঘাট দখল, হাট দখল, বস্তি দখল, নেশা ও মাদকের দিকে ঠেলে দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে জাতি গঠনের চিন্তা, ঐক্য ও শক্তি থেকে বিচ্ছিন্ন করে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, লক্ষ মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন না করে এই জাতিকে একটি সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, যে সংঘাত, রক্ত ও সহিংসতা থেকে আমরা জাতিকে নতুন বাংলাদেশের দিকে ফিরিয়ে নিতে চেয়েছিলাম, সরকার নিজেই আবার এ দেশের মানুষকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। একদলীয় কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে যেতে চাচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী চায়, চাঁদাবাজি ও দখলদারির পরিবর্তে তারুণ্যকে ক্ষতিগ্রস্ত করার ধ্বংসজোয়ার থেকে বাঁচিয়ে আল্লাহর ভয়ে ভীত, অনৈতিকতা ও অশ্লীলতা থেকে সংযমী যুবক হিসেবে গড়ে তুলতে। তারা যেন সমাজ বদলে দেওয়ার বিপ্লবের বিপ্লবী হয়ে উঠতে পারে। এ ধরনের যুবক তৈরি করার জন্যই আমাদের যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের যে নির্বাচন আসছে, সেখানে চাঁদাবাজি, মাস্তানি, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও নানা সুযোগ-সুবিধার যে সিন্ডিকেট তৈরি হয়েছে, যুবকদের সেই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে। আমরা নির্বাচিত হব, স্থানীয় প্রতিনিধিত্ব তারুণ্যের হাতে আসবে।
মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আগামী দিনে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক, সুন্দর ও শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আমরা আগামী দিনে চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অনেক কারসাজি করে, অনেক ইঞ্জিনিয়ারিং করে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশের যুবকরা ২০২৪ সালে অবিস্মরণীয় ঘটনা ঘটিয়েছেন। এই আন্দোলনে শুধু ছাত্ররাই নয়, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যুবক এবং নারী যুবকরাও অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের এই পরিবর্তনও একটি অবিস্মরণীয় আন্দোলন। জামায়াতের তৃণমূল পর্যায়ের যুবশক্তিকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনের পরিবর্তনের জন্য যে ভিত্তি তৈরি করা প্রয়োজন, সে উদ্যোগ আপনাদেরই নেয়ার আহ্বান জানান তিনি।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, বাংলাদেশ আজ একটি ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখে উপনীত হয়েছে। আমরা বর্তমানে বাংলাদেশে যতগুলো সংকট দেখছি, এই সংকট উত্তরণে বর্তমান সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা দেখছি, আমরা যারা জুলাই বিপ্লবে মাঠে-ময়দানে যারা ছিলেন তাদের সকলের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বাংলাদেশের নয়, ভারতের সংগঠন।
নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ ও বাস্তবায়ন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমন নতুন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের যুবকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নৈতিক সমস্যা, চারিত্রিক সমস্যা। অশ্লীলতা এবং বেহায়াপনার এই ছড়াছড়িতে আমাদের তরুণ ও যুবকরা হাবুডুবু খাচ্ছে। আমাদের যুবকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থান। সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের উপযুক্ত করে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে।
এডভোকেট আতিকুর রহমান বলেন, বাংলাদেশের ২৪-পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা ছিল, দেশ সংস্কার হবে, বাংলাদেশ সুন্দর হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে। আমরা খেয়াল করলাম, বাংলাদেশ আবার সেই পুরোনো প্রাতিষ্ঠানিক বন্দোবস্তের দিকে হাঁটা শুরু করেছে। সারা পৃথিবীতে যত রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন কিংবা গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম হয়েছে, তার ইতিহাস যদি আমরা খুঁজি, সেই ইতিহাসের বড় অংশজুড়ে রয়েছে সেখানকার যুবকদের অবদান। আজকের এই যুব সম্মেলন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন মনে এঁকেছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ভূমিকা রাখতে হবে।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিএনপি সরকারের ব্যর্থতার কারণে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে আজকে তারা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। সরকারকে আহ্বান করব, দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার রায় কার্যকর করা হয় এবং তার সকল দোসরের রায় কার্যকর করে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফের বাংলাদেশ গড়া হয়।
সভাপতির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিগত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতি একটি গভীর অন্ধকারে চলে গিয়েছিল। এই অবস্থায় জামায়াতে ইসলামী অন্যায়ের সাথে আপস করেনি, মাথা নত করেনি। সংগ্রাম এবং আন্দোলনের ধারাবাহিকতায় আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করেছি।

তিনি বলেন, আমরা আমাদের যুবক এবং তরুণদেরকে বাংলাদেশের সামগ্রিক রাজনীতি দিকনির্দেশক হিসেবে দেখতে চাই। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের এই যুবক এবং তরুণদের সন্ত্রাস ও মাদ মুক্ত, অস্ত্রমুক্ত একটি সুষ্ঠু সুন্দর সবল এবং প্রতিভাবান, বুদ্ধিদীপ্ত এবং সাহসী তরুণদের নেতৃত্ব আমরা দেখতে চাই। এই সমস্ত তরুণদের- যারা দেশের সর্বত্র ছড়িয়ে আছেন শহরে গ্রামে গঞ্জে আমরা সেই যুবক ভাইদেরকে বুকে জড়িয়ে ধরে হৃদয়ের সমস্ত ভালোবাসা ও উষ্ণতা দিয়ে তাদের গড়তে চাই। জামায়াত আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমাজের সর্বস্তরে সেই যুব ও তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান, এডভোকেট শিশির মোহাম্মদ মনির; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ড. হেলাল উদ্দিন, মেহেরপুর জেলা আমীর ও জাতীয় সংসদ সদস্য মাওলানা মো. তাজ উদ্দিন খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের যুব ক্রীড়া বিভাগ সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কামাল হোসেন এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইয়াসিন আরাফত, ঢাকা মহানগরী দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মো. মোবারক হোসাইন, ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ঢাকা-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন এমপি, ঢাকা-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান এমপি, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও ঢাবির সাবেক ভিপি আবু সাদিক কায়েম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামছুজ্জামান হেলালী এবং খুলনা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোকাররম বিল্লাহ আনসারী প্রমুখ।