ইসরাইলের রাজনীতিতে আরবদের ‘কিংমেকার’ হিসেবে আবির্ভাব


১২ নভেম্বর ২০২৬ ০৯:৫৪

ফিলিস্তিনিদের ভাগ্য পরিবর্তন হবে কি?

॥ মুহাম্মদ আল্-হেলাল ॥
আরব তথা ফিলিস্তিন ভূখণ্ডে ১৯৪৮ সালের ১৪ মে অবৈধভাবে এক বেলফোর ঘোষণার মাধ্যমে গঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরাইল। ২৭ অক্টোবর ২০২৬ অবৈধ সেই দেশটির নেসেট (সংসদ) নির্বাচন হয়। ইতোমধ্যে নির্বাচিত সদস্যরা গত ১০ নভেম্বর মঙ্গলবার শপথ নিয়েছেন। নির্বাচনে বিরোধীদলীয় গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। বি’ইয়াচাদ ১২টি, দ্য ডেমোক্র্যাটস আটটি এবং ইসরাইল বেইতেনু সাতটি আসন। আরব জোট রেকর্ড ১৯টি আসন জয় করে গুরুত্বপূর্ণ ‘কিংমেকার’ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আরবদের সমর্থন পেলে আইজেনকোটের পক্ষে দাঁড়ায় ৬৭। ইসরাইলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। অন্যদিকে উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সবমিলিয়ে পেয়েছে ৫৩টি। ইসরাইলে বসবাসকারী ২০ লাখেরও বেশি আরব নাগরিক ও বাসিন্দাদের (দেশটির জনসংখ্যার প্রায় ২০ শতাংশ) মধ্যে আরব দলগুলো জনপ্রিয়। জনমত জরিপ অনুযায়ী প্রধান চারটি আরব দল (হাদাশ, তা’আল, বালাদ এবং রা’আম)। নির্বাচনে জয়ী ইয়াশার পার্টির নেতা আইজেনকোট আরব রাজনৈতিক দলসহ অন্যান্য সমমনা দল নিয়ে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। আরবরা সরকারের অংশীদার হলেও ফিলিস্তিনিদের ভাগ্য পরিবর্তন নিয়ে রয়েছে সংশয়।
সরকার গঠনে তৎপর ইয়াশার নেতা আইজেনকোট : গত রোববার (৮ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গাদি আইজেনকোটের হাতে সরকার গঠনের ম্যান্ডেট তুলে দেন। ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর একটি ‘ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্ট’ গঠনে তৎপরতা শুরু করেছেন গাদি আইজেনকোট। সাবেক সেনাপ্রধান আইজেনকোট বলেন, ‘আমাদের যুদ্ধের বিভিন্ন ফ্রন্ট এখনো খোলা রয়েছে। একইসঙ্গে আমরা একটি ভয়াবহ কূটনৈতিক সংকটের মধ্যেও রয়েছি।’ এই সমস্যার সমাধান করতে হবে। ‘কূটনৈতিক সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে আইজেনকোটের। তবে পশ্চিমতীরের ইহুদি বসতির বিষয়ে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং গাজার পরিস্থিতির উন্নতি করতে হবে আইজেনকোটকে,’ চ্যাথাম হাউসের ইসরাইলি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইয়োসি মেকেলবার্গ বিবিসিকে এ কথা বলেন। রাজনৈতিকভাবে আইজেনকোট তুলনামূলক নতুন। গত বছর মধ্যপন্থী দল ‘ইয়াশার’ (যার অর্থ ‘সৎ’) গঠন করার পর থেকে আইজেনকোট নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রধান চরিত্র হয়ে উঠেন। আইজেনকোটের পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ মাস্টার গাল আইজেনকোট, গাজায় অবৈধ অভিযান চলাকালে ২০২৩ সালে নিহত হন। গালের মৃত্যু, সাথে গাজা অভিযানে নিজের দুই ভাগ্নের প্রাণহানি, এই সবকিছু মরক্কান বংশোদ্ভূত আইজেনকোটের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে বাড়িয়ে দিয়েছে।
গাদি আইজেনকোট : আইজেনকোটের জন্ম ইসরাইলের তিবেরিয়াসে এবং বেড়ে উঠেছেন এইলাতে। দ্য নিউ ইয়র্কারের সম্পাদক ডেভিড রেমনিক। যিনি নির্বাচনী প্রচারণার সময় আইজেনকোটের সঙ্গে ছিলেন। তিনি বলেন আইজেনকোট ইসরাইলি সমাজের বঞ্চিতদের, মিজরাহিমদের রক্ষক। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর ইহুদি সম্প্রদায় মিজরাহি নামে পরিচিত। কোনো মিজরাহি কখনো ইসরাইলি প্রধানমন্ত্রী হননি। ‘আমার বাবা-মা মরক্কো থেকে অভিবাসী হয়ে এসেছিলেন এবং আমি তাদের ও আমার শেকড় নিয়ে গর্বিত।’ এ বছরের শুরুতে টিভি নেটওয়ার্ক চ্যানেল থারটিনকে বলছিলেন আইজেনকোট। তাই তো আইজেনকোটকে বর্ণনা করতে মরক্কীয় আরবি শব্দ ‘দায়ালিনা’ (‘আমাদের একজন’) ব্যবহার করে থাকে তার সম্প্রদায়। আইজেনকোট ইসরাইলি সেনাবাহিনীতে চিফ অব স্টাফ পদে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০০-এর দশকে দ্বিতীয় ইন্তিফাদার সময় তিনি পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর দায়িত্বে ছিলেন। আইজেনকোট পরবর্তীকালে ‘দাহিয়ে মতবাদ’-এর সাথে যুক্ত হন। যা ইসরাইলের বিশ্বাস অনুযায়ী আক্রান্ত হওয়া এলাকাগুলোয় বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ব্যাপক সামরিক শক্তি ব্যবহারের পক্ষে সমর্থন করে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরাইল অন্যায়ভাবে গাজায় সামরিক অভিযান চালায়। যাতে ৭৪,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই পরিসংখ্যান জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে। আইজেনকোট এর বিরুদ্ধে কোনো কথা বলেননি। বরং ‘দ্য টাইমস অব ইসরাইল’কে বলেন, ‘আত্মরক্ষা আমাদের অগ্রাধিকার।’
আইজেনকোটের অগ্রাধিকার : ‘নেতানিয়াহুর আমলে নারী ও শিশুদের অপহরণ করা হয়েছিল। তাদের উদ্ধার করার জন্য যা করা দরকার ছিল, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে তা করেননি,’ ‘দ্য টাইমস অব ইসরাইল’কে বলেন গাদি আইজেনকোট। ইসরাইলিদের আত্মরক্ষা অগ্রাধিকার। এই গুরুত্বের বিবেচনায় নেতানিয়াহু ও তার মন্ত্রিসভাকে জবাবদিহির আওতায় আনাও আইজেনকোটের অন্যতম অগ্রাধিকার। নির্বাচনের কয়েকদিন আগে আইজেনকোট অঙ্গীকার করেছিলেন যে, নির্বাচিত হলে তিনি ১৮ মাসের মধ্যে হামাসের শাসনের অবসান ঘটাবেন। ইসরাইলের অন্যতম বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ নাদাভ ইয়াল, বলেন যে ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (অধিকৃত পশ্চিমতীরের) ২৮ লাখ ফিলিস্তিনিকে শাসন করার সুযোগ দিতে হবে। আমি তাদের শাসন করতে চাই না,’ আইজেনকোট অক্টোবরে ‘দ্য টাইমস অব ইসরাইল’কে দেওয়া এক সাক্ষাৎকারে এও বলেন। যদিও আইজেনকোট ইসরাইলি প্রধান বসতি ব্লকগুলোর সম্প্রসারণকে সমর্থন করেন। তিনি পশ্চিমতীরের কিছু এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের উপস্থিতি বাড়ানোর বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে কথা বলেছেন। বিশেষ করে জেরুসালেমের পূর্বে অবস্থিত ই-ওয়ান নামে পরিচিত একটি এলাকায় বসতি সম্প্রসারণের পরিকল্পনাকে তিনি জোরালোভাবে বিরোধিতা করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণেই তার এ দ্বিধা দেখা দিয়েছে বলে ধারণা করা হয়। অতি সম্প্রতি তিনি ‘জুডিয়া ও সামারিয়া থেকে ইহুদি সন্ত্রাসীদের বিতাড়িত করার’ (অধিকৃত পশ্চিমতীরের জন্য ইসরাইলি নাম) প্রতিশ্রুতিও দিয়েছেন। এছাড়া আইজেনকোট তার ১০ দফা কর্মসূচিতে দেশ ছেড়ে যাওয়া উচ্চ দক্ষতাসম্পন্ন ইসরাইলিদের সংখ্যা হ্রাস করতে এবং নতুন অভিবাসীদের উৎসাহিত করার জন্য একটি জরুরি কর্মসূচি চালু করারও প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কট্টর ইহুদি সম্প্রদায় এবং আরব ইসরাইলিদের জন্য সামরিক পরিষেবা থেকে অব্যাহতির নিয়মও বাতিল করতে চান। ‘আমরা আরও একটি কাজ করব, তা হলো সকল ইসরাইলি নাগরিকের জন্য একটি সর্বজনীন সেবা আইন পাস করা: সামরিক, জাতীয় বা বেসামরিক সেবা, যার মধ্যে আরবদের জন্য জাতীয় সেবাও অন্তর্ভুক্ত থাকবে,’ এ কথা তিনি ‘দ্য টাইমস অব ইসরাইল’কে বলেন। তেল আবিবভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া শাইন্ডলিন বিবিসিকে বলেন, ‘আইজেনকোট কিছু ইতিবাচক পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেও নেতানিয়াহু ক্ষমতায় টিকে আছেন মিথ্যার ওপর। কারণ তিনি তার সমর্থকদের মিথ্যা বুঝিয়েছেন যে তাকে ভোট দেওয়া জীবন-মরণের প্রশ্ন।’ এবারো নেতানিয়াহু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে কারচুপির মিথ্যা অভিযোগ তুলেছেন।
ইসরাইলি নির্বাচন ‘অবৈধ’— নেতানিয়াহু : নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইসরাইলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। ফলে নেতানিয়াহুর নিন্দা করেছেন প্রধান বিরোধীদলীয় নেতা আইজেনকোট এবং আরব নেতৃত্বাধীন দলগুলোর নেতারা। এদিকে ‘প্রতিবেশীকে ভালোবাসুন’ লেখা প্লাকার্ড হাতে আন্দোলনকারীরা বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে আরব নেতৃত্বাধীন দলগুলোকে নিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কাতার ও তুরস্ক থেকে অবৈধ তহবিল এসেছে কি না— এ নিয়েও তদন্ত শুরু করেছে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা— শিন বেত। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসরাইলি রাজনীতিবিদদের দোহার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ করেছে। অন্যদিকে ভারপ্রাপ্ত সিইসি মহাপরিচালক ডিন লিভনে বলেছেন, ‘নির্বাচনে স্বচ্ছতার পদ্ধতিগত লঙ্ঘনের অভিযোগের কোনো ভিত্তি নেই।’ অভিযোগ খারিজ করে দিয়েছেন জয়েন্ট লিস্ট জোটের অংশীদার বালাদ এর চেয়ারম্যান সামি আবু শেহাদেহ। তিনি বলেছেন, ‘পরাজিত পক্ষ একটি বর্ণবাদী রক্তপাতের প্রেক্ষাপট তৈরি করছে এবং অনৈতিকভাবে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে শক্তি প্রয়োগের আহ্বান জানাচ্ছে।’ ইসরাইলে যুদ্ধাপরাধী নেতানিয়াহু পরাজয়ের পরপরই মার্কিন মধ্যবর্তী নির্বাচন হয়। সেখানেও ইসরাইলকে নিঃশর্ত সমর্থন এবং ইরানে অবৈধভাবে আগ্রাসনের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে। সে কারণেই হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলের নির্বাচন নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়নি। তবে দেশ দুটির নির্বাচনের ফলাফলের প্রভাব বিশ্বব্যাপী অবশ্যম্ভাবী।
ইসরাইল-যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের প্রভাব বিশ্বব্যাপী : দুটি পৃথক মহাদেশে গুরুত্বপূর্ণ দুটি নির্বাচন। তবে এর ফলাফল পুরো বিশ্বকে প্রভাবিত করবে। অভাবনীয়ভাবে মিলে যাওয়া নির্বাচনী ক্যালেন্ডারে প্রায় ছয় হাজার মাইল দূরত্বের দুটি দেশের ভোটাররা মাত্র ৬ দিনের ব্যবধানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যদিও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক স্পিকার টিপ ও’নেইল হয়তো একবার বলেছিলেন, ‘সব রাজনীতিই স্থানীয়’। কিন্তু এই নির্বাচনগুলোর ফলাফল নিশ্চিতভাবেই বৈশ্বিকভাবে প্রভাব ফেলবে। কারণ এই নির্বাচনগুলো কেবল কাছাকাছি সময়েই হচ্ছে তা না, বরং এগুলো একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। অন্যদিকে আমেরিকার রাজনৈতিক মানচিত্রে যে কোনো পরিবর্তন কেবল সেই যুদ্ধগুলোকেই নয়, বরং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎকেও নতুন রূপ দিতে পারে। এই দুটির মধ্যে একটি বাস্তব সংযোগও রয়েছে। যেমন— লবি গ্রুপ রিপাবলিকান ওভারসিজ ইসরাইল এর হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী প্রায় পাঁচ লাখ ইসরাইলি নাগরিকদের এই দুই নির্বাচনেই ভোট দেওয়ার অধিকার রয়েছে। এই গ্রুপের চেয়ারম্যান মার্ক জেল বলেন, এই ভোটাররা যুক্তরাষ্ট্রের কঠিন ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোয় প্রভাব ফেলতে পারেন। তবে এই নীতিগত সংযোগটি সম্ভবত আরো গভীর। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যুদ্ধকে ঘিরে এটি সবচেয়ে তীব্র। ফেব্রুয়ারি ২০২৬ সালে শুরু হওয়া ঐ অবৈধ বিমান হামলায় বহু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়। কিন্তু এরপরেও এই হামলা দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারেনি। বরং উল্টো ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। অবৈধভাবে গঠিত এই ইসরাইল শুরু থেকেই মিথ্যা প্রোপাগান্ডা ও যুদ্ধের মধ্য দিয়ে টিকে আছে। সেজন্যই আইনস্টাইনও দেশটির প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
আইনস্টাইনের ইসরাইলের প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান : ৭৭ বছর বয়সে ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট মি. ভাইৎসম্যানের মৃত্যু হয়। সেই সময় প্রেসিডেন্ট হিসেবে এমন বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্বদের নাম প্রস্তাব করা হয় যারা এই ভূমিকা পালন করতে এবং নবগঠিত দেশে অভিবাসনকে উৎসাহিত করতে পারেন। তাই প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়নের সরকার বিজ্ঞানী— আলবার্ট আইনস্টাইনকে এই পদের জন্য আমন্ত্রণ জানান। ১৯৩৩ সালে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসেন এবং জার্মানিতে ইহুদিদের ওপর নিপীড়ন শুরু হয়। জার্মান পদার্থবিজ্ঞানী আইনস্টাইন সে বছর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ডেভিড বেন-গুরিয়নের পক্ষ থেকে আইনস্টাইনকে একটা চিঠি লিখেছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত মি. ইবন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, ‘ভৌগোলিকভাবে ইসরাইল একটা ছোট দেশ হলেও তা মহত্ত্ব অর্জন করতে পারে।’ যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন ইসরাইলের রাষ্ট্রদূত ব্যাখ্যা করেন যে, এর জন্য আইনস্টাইনকে তার বৈজ্ঞানিক কর্মজীবন ত্যাগ করতে হবে না। তবে তাকে নিউ জার্সি ছেড়ে ইসরাইলে চলে যেতে হবে। সেই সময় প্রিন্সটনের ‘ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন আইনস্টাইন। ৭৩ বছরের আইনস্টাইন এই আমন্ত্রণে রাজি হননি। জেরুসালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ‘আইনস্টাইন আর্কাইভ’-এর কিউরেটর এবং এই বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানীর ব্যক্তিগত চিঠিপত্র ও ছবি সংকলনকারী বই ‘আইনস্টাইনের নোটবুকস’-এর লেখক জিভ রোজেনক্র্যান্টজের মতে, আলবার্ট আইনস্টাইন যুক্তি দেখিয়েছিলেন ওই পদের জন্য প্রোপাগান্ডার যে দক্ষতার প্রয়োজন, তার সেসবের অভাব রয়েছে। আইনস্টাইন চিঠির জবাবে লিখেছিলেন, ‘সরকারের এই প্রস্তাবে আমি গভীরভাবে অভিভূত এবং একইসঙ্গে তা গ্রহণ করতে না পারায় দুঃখ ও লজ্জাবোধ করছি।’ আইনস্টাইনকে নিয়ে বেশ কয়েকটা বই লিখেছেন অ্যালিস ক্যালাপ্রিস। এই লেখিকার মতে ডেভিড বেন-গুরিয়ন এই প্রত্যাখ্যানের বিষয়েও সন্তুষ্ট ছিলেন। এই প্রসঙ্গে তিনি তার বই ‘আইনস্টাইন এনসাইক্লোপিডিয়া’-তে লিখেছেন, ‘বেন-গুরিয়ন উদ্বিগ্ন ছিলেন যে রাজনৈতিক বিষয়ে আইনস্টাইনের দুঃসাহস তাকে (ডেভিড বেন-গুরিয়নকে) নিজের নীতির বিরুদ্ধে কাজ করতে বাধ্য করতে পারে।’ বেন-গুরিয়ন তার চিফ অব স্টাফ আইজ্যাক নাফোনকে (১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ইসরাইলের প্রেসিডেন্ট) বলেছিলেন, ‘উনি (আইনস্টাইন) যদি রাজি হন, তাহলে আমার কী করা উচিত, সে বিষয়ে আমাকে পরামর্শ দিন।’ অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইল এত অভিশপ্ত যে দেশটির প্রেসিডেন্ট পদ প্রত্যাখ্যান করেছেন খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী খোদ আলবার্ট আইনস্টাইন। আজ সেই অভিশপ্ত দেশের নতুন সরকার গঠনের ওপর অনেকটা নির্ভর করছে আরব তথা ফিলিস্তিনিদের ভাগ্য।
ফিলিস্তিনিদের ভাগ্য পরিবর্তন হবে কি? : ঊনবিংশ শতাব্দীর শেষদিকে আরব তথা ‘ফিলিস্তিন’ ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয়েছিল জায়োনিজম আন্দোলন। বর্তমানে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলে বিশ্বাসীদের জায়োনিস্ট বলা হয়। অন্য ধর্মের কেউ এই ধারণায় বিশ্বাস করলে সেও জায়োনিস্ট। অ্যান্টি জায়োনিস্টদের অনেক সময় ইহুদিবিরোধী হিসেবে দেখলেও ইহুদিবিরোধী বিষয়টি অ্যান্টি-সেমিটিসম হিসেবে পরিচিত। এই ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বের বিরোধিতাকারী অ্যান্টি-জায়োনিস্টদের দলে রয়েছেন বহু ইহুদি। ইসরাইল-গাজার যুদ্ধের প্রেক্ষাপটে ১৮ অক্টোবর ২০২৩ আমেরিকার ক্যাপিটল হিলে ফিলিস্তিনিদের নিপীড়নের বিরুদ্ধে শত শত ইহুদি বিক্ষোভ করেন। আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিল মূলত ‘জিউইশ ভয়েজ ফর পিস’ সংগঠন। ৪ নভেম্বর ২০২৩ লন্ডনেও তেমনই এক বিক্ষোভ হয়। জায়নবাদবিরোধী একটি সংগঠন ‘নেতুরেই কার্টা’। ১৯৩৮ সালে গঠিত এই সংগঠনটি আমেরিকায় সবচেয়ে বেশি বিস্তৃত হলেও ইসরাইল, যুক্তরাজ্য ও জার্মানিতেও তারা সক্রিয়। তাদের হাতে ফিলিস্তিনের পতাকা, আর ইসরাইলি পতাকার ছবিতে লাল দাগ দিয়ে কেটে দেয়া থাকে। ১০ নভেম্বর ২০২৩ নিউইয়র্ক থেকে পোস্ট করা একটি ভিডিওতে তাদের একজন র‌্যাবাইকে (ধর্মযাজক) ভাষণ দিতে দেখা যায়। ডোভিড ওয়াইস নামে সেই র‌্যাবাই বর্ণনা করেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি ও মুসলিমরা শান্তিপূর্ণভাবেই বাস করতো যেটায় ব্যাঘাত ঘটিয়েছে জায়নবাদ। তিনি বলেন, ‘আমাদের দুই হাজার বছর আগে নির্বাসিত করা হয়েছিল। রাজা সলোমনের ভবিষ্যদ্বাণীর মাধ্যমে আমাদের সৃষ্টিকর্তা পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে ইহুদি রাজ্য বা সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা আমাদের জন্য নিষিদ্ধ। আমরা যেই দেশেই বাস করি সেখানকার অনুগত নাগরিক হয়ে থাকতে হবে।’ র‌্যাবাই ওয়াইস তাদের ধর্মগ্রন্থ ‘তোরাহ’র (মুসলমানরা তাওরাত বলে) উল্লেখ করে বলেন সেই নির্বাসন থেকে ইহুদিদের পবিত্র ভূমিতে (জেরুসালেম) ফেরত যেতে নিষেধ করা হয়েছে। ইহুদিদের নিজস্ব রাষ্ট্র এবং রাজত্ব আসবে তাদের ‘মেসিয়াহ’র আগমনের সাথে। যিনি তাদের ভূমিকে শৃঙ্খলমুক্ত করবেন এবং ঈশ্বরই তাদের আবাস প্রতিষ্ঠা করবেন। মেসিয়াহ বলতে কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী ইহুদিদের জন্য রাজা বোঝানো হয়, যাকে সৃষ্টিকর্তা পাঠাবেন। আবার খ্রিস্টানদের জন্য মেসিয়াহ হচ্ছে যীশুখ্রিস্ট যিনি মুসলমানদের কাছে নবী ঈসা (আ.) নামে পরিচিত। র‌্যাবাই ওয়াইস বলছিলেন, বর্তমানে ইহুদি ধর্মকে যেভাবে পরিবর্তন করা হয়েছে, সেটা তারা মানতে পারেননা। ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে তিনি উল্লেখ করেন ইসরাইলের যে ১২০০ মানুষের মৃত্যু হয়েছে তা আগ্রাসনেরই ফল। শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় আগ্রাসন বন্ধ করা। তাদের অবস্থানকে সাধারণরা ইহুদিবিদ্বেষ (অ্যান্টি-সেমিটিক) মনে করেন। এর বিপরীতে মি. ওয়াইস মনে করেন জায়নবাদ (রাষ্ট্রের আন্দোলন) ও জুডাইজম (ইহুদি ধর্ম) পরস্পরবিরোধী এবং ‘জায়নবাদই আসলে ইহুদিবিদ্বেষ।’ ইসরাইল ১৯৪৮ সালে রাষ্ট্র হয়। তবে ফিলিস্তিনিদের এখনো কোনো রাষ্ট্র নেই, যদিও ১৪০টারও বেশি দেশ তাদের স্বীকৃতি দিয়েছে। আজ সারা বিশ্বের শান্তি প্রিয় মানুষ প্রহর গুনছে সেই স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতা ইহুদিবিরোধী, মুসলিমবিরোধী তথা শান্তিবিরোধী ইসরাইলের হাত থেকে কবে মুক্তি পাবে। আইজেনকোটের নতুন সরকার কি শান্তি ফিরিয়ে দিতে পারবে। এখন এ প্রশ্ন উঠেছে। তবে অবৈধ ইসরাইলের অবৈধ কর্মকাণ্ডের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন সেখানে বাধ সাধতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইসরাইলের সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ। যারা বর্তমানে বছরে প্রায় ৩.৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্রদান করে থাকে। ইসরাইলের যেসব যুদ্ধবিমান গাজায় বোমাবর্ষণ করছে, সেগুলোও মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, তার অনেকগুলোই আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলো বেশ ব্যয়বহুল বলে প্রমাণিত হয়েছে। সেটি হোক অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা মার্কিনিদের প্রাণের হিসেবে। যদিও ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাডিজের ইন্টারন্যাশনাল সিকিউরিটির পরিচালক সেথ জি জোনস মনে করেন, এ অঞ্চলে সরাসরি যুদ্ধ জড়ানোটা হবে মার্কিনিদের ‘শেষ পদক্ষেপ’। অন্যদিকে জেরুসালেমের হিব্রু ইউনিভার্সিটির সামরিক ইতিহাসের অধ্যাপক ড্যানি অরবাচ বলেন, ইসরাইলের সামরিক নীতিতে বলে যে, মার্কিন সহযোগিতা ছাড়া নিজেকে রক্ষা করার মতো সক্ষমতা অর্জন করা উচিত। তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইসরাইল সফর বিষয়টি স্পষ্টভাবে দেখিয়েছে যে, মার্কিন সমর্থন সবসময়ই শর্তসাপেক্ষ। মার্কিন গণমাধ্যম সিবিএসের সিক্সটি মিনিটে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন একই কথা বলেছেন। একইভাবে সামরিক বিশ্লেষক ও জেরুসালেম পোস্টের কলামিস্ট ইয়াকভ কাটজ মনে করেন, ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন সবসময় এরকম থাকবে না। তবে আইজেনকোটের অগ্রাধিকারগুলো দেখে মনে হয় যুদ্ধাপরাধী নেতানিয়াহুর আমলের তুলনায় আইজেনকোটের আমলে ইসরাইল যুদ্ধ বিমুখী হবে। আর স্বাধীনতা না পেলেও কিছুটা স্বস্তিতে থাকবেন ফিলিস্তিনীরা। কেননা আইজেনকোট মরক্কান বংশোদ্ভূত। তাই আরবদের প্রতি তিনি সহানুভূতিশীল। অন্যদিকে আরব রাজনৈতিক দলগুলো তার সরকারের অংশীদার। তিনি আরবদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে বাধাগ্রস্ত হবেন। এমনকি তার সরকারের পতন হতে পারে। কারণ আরবরাই বর্তমান ইসরাইলের কিংমেকার।
তথ্যসূত্র : দ্য টাইমস অব ইসরাইল, আল্-জাজিরা, বিবিসি।
লেখক : এমফিল গবেষক (এবিডি), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ই-মেইল : alhelaljudu@gmail.com