তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ
১০ নভেম্বর ২০২৬ ১৭:১৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, গত ৯ নভেম্বর সোমবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরের আলিয়াগা এলাকায় হাবাস ডেমির সেলিক ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি বলেন, কর্মক্ষেত্রে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা নিহতদের পরিবার-পরিজনকে এ শোক সইবার শক্তি দান করুন এবং আমরা আশা প্রকাশ করছি তুরস্ক সরকার ও জনগণ এই বিরাট ক্ষয়-ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।