সরকারের আট মাসে বেড়েছে ৭০৪ টাকা
৫ নভেম্বর ২০২৬ ১৫:২৫
দফায় দফায় মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা
স্টাফ রিপোর্টার : দেশে জ্বালানি তেলের পাশাপাশি রান্নার গ্যাসের দামও বাড়ছে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৫৬ টাকা। এরপর কয়েক দফা কমা-বাড়ার মধ্য দিয়ে গত ২ নভেম্বর সোমবার সেই দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকায়। অর্থাৎ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়ের তুলনায় সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৭০৪ টাকা। এর মধ্যে শুধু অক্টোবর ও নভেম্বর, এই দুই মাসেই দাম বেড়েছে ৪৭৫ টাকা। একই সময়ে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দামও কয়েক দফায় বাড়ানো হয়েছে। ফলে রান্না থেকে শুরু করে পরিবহন ও পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি ব্যয়ের চাপ বেড়েছে। দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে।
হাসিনা ও ইউনূস সরকারের সময় এলপিজির দাম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তথ্য ও প্রকাশিত মূল্য ঘোষণার হিসাব অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ২০২৪ সালের আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা। এর আগে জুলাইয়ে দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা। আগস্টে ১১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় এ দামই কার্যকর ছিল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে এলপিজির দাম কখনো বেড়েছে, কখনো কমেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ৪৪ টাকা বাড়িয়ে দাম করা হয় ১ হাজার ৪২১ টাকা। পরবর্তী সময়ে অক্টোবর ও নভেম্বরেও দাম বাড়ে। ২০২৫ সালের জানুয়ারিতে ভ্যাট পরিবর্তনের প্রভাবে দাম ১ হাজার ৪৫৯ টাকায় ওঠে। তবে বছরের বিভিন্ন সময়ে দাম কমার পর জুলাইয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য নেমে আসে ৯৯৯ টাকায়। এরপর আবার বাড়তে থাকে। ২০২৬ সালের জানুয়ারির শুরুতে দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারির শুরুতে তা ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় এ দামই কার্যকর ছিল।
বর্তমান সরকারের সময়ে পাঁচ দফা মূল্যবৃদ্ধি
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এলপিজির দামে একাধিকবার বড় ধরনের পরিবর্তন এসেছে। ২৩ ফেব্রুয়ারি আমদানি শুল্ক কমানোর প্রভাবে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়। মার্চে দাম অপরিবর্তিত থাকলেও এপ্রিলে আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয়, জাহাজভাড়া ও পরিবহন সংকটের প্রভাবে দাম বাড়তে শুরু করে। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। পরে ১৯ এপ্রিল তা আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়। মে মাসে এ দাম অপরিবর্তিত রাখা হয়।
জুনে ৫৫ টাকা কমিয়ে দাম ১ হাজার ৮৮৫ টাকা করা হয়। জুলাইয়ে আরও ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়। তবে আগস্টে ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়। এরপর অক্টোবর মাসে ২৫২ টাকা বাড়িয়ে দাম দাঁড়ায় ১ হাজার ৮৩৭ টাকা। সর্বশেষ ২ নভেম্বর আরও ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন দাম ওইদিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।
এ হিসাবে বর্তমান সরকারের সময়ে পাঁচ দফা মূল্যবৃদ্ধির বিপরীতে চার দফা কমানো হয়েছে। তবে কমানোর চেয়ে বাড়ানোর পরিমাণ বেশি হওয়ায় দায়িত্ব গ্রহণের সময়ের তুলনায় এখন ১২ কেজি সিলিন্ডারে ৭০৪ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের। উল্লেখ্য, এগুলো বিইআরসির নির্ধারিত খুচরা মূল্য। বাস্তবে অনেক এলাকায় পরিবহন ও সরবরাহ পরিস্থিতির কারণে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। খুচরা ক্রেতারা মহল্লার দোকান থেকে ১২ কেজি সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় আড়াই হাজার টাকায়।
জ্বালানি তেলেও তিন দফায় মূল্যবৃদ্ধি
এলপিজির পাশাপাশি বর্তমান সরকারের সময়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামও তিন দফায় বাড়ানো হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল। গত ১৯ এপ্রিল থেকে প্রথম দফায় ডিজেলের দাম ১৫ টাকা, কেরোসিনের ১৮ টাকা, পেট্রোলের ১৯ টাকা এবং অকটেনের ২০ টাকা বাড়ানো হয়। এতে দাম দাঁড়ায় যথাক্রমে ১১৫, ১৩০, ১৩৫ ও ১৪০ টাকা। জুনে দ্বিতীয় দফায় ডিজেলের দাম অপরিবর্তিত রেখে বাকি তিন জ্বালানির দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়। সর্বশেষ ২১ সেপ্টেম্বর তৃতীয় দফায় চার ধরনের জ্বালানির দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়। বর্তমানে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ডিজেলের দাম ৩৫ টাকা, কেরোসিনের ৪৩ টাকা, পেট্রোলের ৪৪ টাকা এবং অকটেনের ৪৫ টাকা বেড়েছে। অক্টোবরেও এসব দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের প্রভাব, বাড়ছে ভোক্তার ব্যয়
জ্বালানি পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার, পরিবহন ও জাহাজভাড়ার প্রভাব রয়েছে। বিইআরসি প্রতি মাসে সৌদি আরামকোর নির্ধারিত চুক্তিমূল্য (সৌদি সিপি) বিবেচনায় বেসরকারি এলপিজির দাম সমন্বয় করে। অন্যদিকে জ্বালানি তেলের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের ওঠানামা বিবেচনা করা হয়। তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারে পড়লেও দাম কমার ক্ষেত্রে একই মাত্রায় সুবিধা ভোক্তারা পাচ্ছে না। বিশেষ করে পাইপলাইনের প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক পরিবার, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল। ফলে সিলিন্ডারের দাম বাড়লে সরাসরি সংসারের ব্যয় বাড়ে। অন্যদিকে ডিজেল, পেট্রোল ও অকটেনের মূল্যবৃদ্ধি পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়ের ওপর প্রভাব ফেলে। এর পরোক্ষ প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। সব মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর জ্বালানি খাতে মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তাদের ব্যয় বেড়েছে। সর্বশেষ এলপিজির মূল্যবৃদ্ধি মানুষের মনে স্বস্তির পরিবর্তে ক্ষোভ সৃষ্টি করেছে।