জোর করে বাংলাদেশিদের রাশিয়ায় যুদ্ধে নেয়া হয়
২৯ অক্টোবর ২০২৬ ১৬:০০
স্টাফ রিপোর্টার : রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে যোদ্ধা সংগ্রহে রাশিয়া বিভিন্ন দেশ থেকে নাগরিকদের জড়ো করে স্বল্প প্রশিক্ষণ দিয়ে জোর করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে। এসব নাগরিকদের কর্মে নিয়োগের কথা বলে দালালের মাধ্যমে বিশ্বের ২৯টি দেশ থেকে পাচার করে একটি চক্র। ভুক্তভোগীরা ফাঁদে পড়ে রাশিয়ায় গিয়ে প্রাণ হারাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের কয়েকজন ভুক্তভোগী সামাজিক মাধ্যমে লাইভ করে নিজের ও সহকর্মীদের করুণ পরিণতির কথা জানায় এবং হতাহতের পরিবারের পক্ষ থেকেও এমন অভিযোগ উঠেছে।
জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন বলছে, বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে রুশ বাহিনীতে নিয়োগ দিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রমাণ পেয়েছে। রুশ কর্তৃপক্ষ বিভিন্ন দেশে সক্রিয় দালালদের সঙ্গে সমন্বয় করে এই মানব পাচার করেছে। নিয়োগপ্রাপ্ত বাংলাদেশিদের ব্যবসায়িক ভিসার অনুলিপিও পেয়েছে কমিশন যাতে রাশিয়ার একটি বেসামরিক কোম্পানির আমন্ত্রণের উল্লেখ রয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) দপ্তরের ওয়েবসাইটে ২৬ অক্টোবর প্রকাশিত একটি খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘের ইউক্রেনবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে উপস্থাপনের জন্য প্রতিবেদনটি তৈরি করেছে। ৪৮টি দেশের নাগরিকদের রাশিয়ার বাহিনীতে নিয়োগ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখে ২৯টি দেশের ক্ষেত্রে প্রতারণা বা জবরদস্তির প্রমাণ কমিশন পেয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়।
মানব পাচারের তালিকায় প্রায় সবকটি মহাদেশের নাগরিকরা রয়েছেন, বাদ যায়নি ইউরোপও। দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আজারবাইজান, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, বতসোয়ানা, ক্যামেরুন, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, ঘানা, হন্ডুরাস, জর্ডান, কেনিয়া, মরক্কো, নাইজেরিয়া, পেরু, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, তাজিকিস্তান, তিউনিসিয়া, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান, ইয়েমেন ও জিম্বাবুয়ে।
প্রতিবেদনে বলা হয়, রুশ কর্তৃপক্ষ বিভিন্ন দেশের নিয়োগ-এজেন্ট বা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এসব মানুষকে তাদের সশস্ত্র বাহিনীতে নিয়োগ করেছে। ভুক্তভোগীরা প্রান্তিক জনগোষ্ঠীর ১৮ থেকে ৬০ বছরের পুরুষ।
ওএইচসিএইচআরের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘের তদন্ত কমিশনের প্রধান এরিক মোসে বলেছেন, তদন্তে কমিশন দেখেছে রাশিয়া বিশ্বজুড়ে সক্রিয় এজেন্টদের সঙ্গে সমন্বয় করে রুশ সশস্ত্র বাহিনীতে ভর্তি করতে এবং ইউক্রেনের সম্মুখযুদ্ধে পাঠাতে ২৯টি দেশের নাগরিকদের পাচার করেছে। পাচারের শিকার ব্যক্তিদের দুর্বলতাগুলোর সুযোগ নিয়ে এবং মিথ্যা কর্মসংস্থানের কথা বলে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তাদের রাশিয়ায় যেতে আকৃষ্ট করা হয়েছে।
অনেক আগেই বাংলাদেশ থেকে নাগরিকদের পাচারের মাধ্যমে রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ ওঠার পরও ঢাকাস্থ রুশ দূতাবাস এ সংক্রান্ত কোনো বিবৃতি না দেয়ায় জনমনে সংশয় তৈরি হয়েছে। এক্ষেত্রে সরকারও কোনো পদক্ষেপ নেয়নি, যা উদ্বেগের।
তবে সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, রাশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নিয়োগপত্র এখন অনেক বেশি যাচাই-বাছাই করে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব রিক্রুটিং এজেন্সি জড়িত, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।