সাজেক সঙ্কটে প্রতিদিন ক্ষতি দেড় কোটি টাকা
২৯ অক্টোবর ২০২৬ ১৫:৫৬
স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে
স্টাফ রিপোর্টার : আধিপত্য বিস্তার নিয়ে বাংলাদেশের কাশ্মীরখ্যাত রাঙামাটির বাঘাইছড়ি সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি এসোসিয়েশনের ডাকে ষষ্ঠ দিনের মতো অবরোধ চলছে। সাজেক সড়কে অবরোধে যানচলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে সাজেক। গত ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের এই সড়ক অবরোধ শুরু পক্ষ দুটি। এ অবরোধের কারণে পর্যটন খাতে প্রতিদিন দেড় কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে ব্যবসায়ীরা সাংবাদিকদের জাানিয়েছে।
টানা অবরোধে সৃষ্ট অচলাবস্থা নিরসনে গত ২৬ অক্টোবর বিকেলে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাজেকের অবরোধকারী দুই সংগঠনের মধ্যে বৈঠক হলেও দাবি-দাওয়া নিয়ে সমঝোতা না হওয়ায় বৈঠক অমীমাংসিতভাবে শেষ হয়।
গত ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক সড়কের মাচালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট হাজাছড়া ১০ নম্বর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। অবরোধে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারী দুটি পক্ষের সাথে দফায় দফায় আলোচনা করে সমাধানে ব্যর্থ হয় প্রশাসন। সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, ‘২৬ অক্টোবর প্রশাসনের আলোচনায় কোনো সমাধান হয়নি। আমাদের পাঁচটি দাবির মধ্যে প্রশাসন চারটি দাবি মানতে রাজি হলেও তারা একটি দাবি মানতে কিছুটা সময় চেয়েছে। আমরা তাদের পাঁচ দিনের সময় দিয়েছিলাম। কিন্তু প্রশাসন তা মানতে রাজি হয়নি বলে অমীমাংসিত আলোচনাটি শেষ হয়েছে।’ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- অবরোধকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও মামলা প্রত্যাহার; উজোবাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং সেখান থেকে সেনা ও পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া; আহত নারী-পুরুষের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ; সাজেক থেকে জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুম বন্ধ করা এবং আন্দোলনরত নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি বন্ধ করা।
ওই বৈঠকে খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীদের পক্ষে বৈঠকে ছিলেন, সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা, সাজেক কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা উপস্থিত ছিলেন। বৈঠকে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন।
আন্দোলনের শুরুতে গত ২২ অক্টোবর সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় দুটি সংগঠনের ডাকা সড়ক অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, গুলির ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত।
গত ২৩ অক্টোবর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটকেপড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছিল। ওইদিন বেলা ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে ৩০-৪০টি গুলি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় সেনাবাহিনীর টহল দল আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাল্টা গুলি করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ইউপিডিএফ কর্তৃক ওই অবরোধ ও সহিংসতার ঘটনা পূর্বপরিকল্পিত বলে প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানায় আইএসপিআর।
পর্যবেক্ষকরা মনে করেন ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এ অঞ্চল ঘিরে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রকারীরা সক্রিয়। তাই বিষয়টিকে গুরুত্বের সাথে নিতে হবে। সাময়িক সমাধান নয়, স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে।