মু’মিনদের প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে : মাওলানা এটিএম মা’ছুম
১৮ অক্টোবর ২০২৬ ১৯:৫১
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়ন আমীর-সেক্রেটারিদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ও ১৭ অক্টোবর কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হকের সঞ্চালনায় শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দ, এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মা’ছুম বলেন, একজন মু’মিন হিসেবে পরিচয় দিতে হলে নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করতে শিখতে হবে। প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত আত্মসমালোচনা করা, কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা, মানুষের অধিকার রক্ষা করা এবং কথা ও কাজে সততা, ন্যায়নিষ্ঠা ও আমানতদারির পরিচয় দেওয়া নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই সে সফলকাম হয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে।’ এজন্য মনে রাখতে হবে, প্রকৃত আত্মশুদ্ধি শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিজীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও আল্লাহভীতি প্রতিষ্ঠা করতে উদ্যোগী হতে হবে, তবেই সফলকাম হওয়া যাবে।
দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কাজ, নেতৃত্বের গুণাবলি, নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং সংগঠন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।