বরিশাল অঞ্চলের জেলা/মহানগর সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীল সমাবেশ

জনকল্যাণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সমাজকল্যাণ কার্যক্রম জোরদার করতে হবে : এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল


১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২১

বরিশাল বিভাগের ছয় জেলা ও বরিশাল মহানগরীর সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীলদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ অঞ্চল মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ.কে.এম ফখরুদ্দিন খান রাযীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দেশের বর্তমান সময়ে সাধারণ মানুষ নানা ধরনের সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের চাপ, কর্মসংস্থানের সংকট, নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তারা অস্বস্তিতে জীবনযাপন করছে এবং সামাজিক নিরাপত্তার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এ অবস্থায় সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করতে হবে।

তিনি বলেন, সমাজের অসহায়, দরিদ্র, বঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়; এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও নৈতিক দায়িত্ব। জনগণের দুঃখ-কষ্টকে নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করে তাদের পাশে দাঁড়াতে হবে। সমাজের প্রতিটি স্তরে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জনগণের আস্থা অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে, তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখার মাধ্যমেই সেই আস্থা অর্জন সম্ভব। সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীলদেরকে শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে এলাকার মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী সহযোগিতার উদ্যোগ গ্রহণ করতে হবে।

সমাজের অসহায় মানুষের জন্য নিয়মিত চিকিৎসা সহায়তা, শিক্ষা সহযোগিতা, কর্মসংস্থানমুখী উদ্যোগ, দুর্যোগ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর সমাজকল্যাণ বিভাগের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং সমসাময়িক সামাজিক সমস্যা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দায়িত্বশীলদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।