কাজের মাধ্যমেই নেতৃত্বের প্রমাণ দিতে হবে, কারণ কাজ ছাড়া বাংলাদেশের মানুষ আর কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে না : মোহাম্মদ সেলিম উদ্দিন
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯
নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দ বাজার এলাকায় কোমলমতি শিশুদের মাঝে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দ বাজার এলাকায় কোমলমতি শিশুদের মাঝে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।এ সময় বিশেষ অতিথি ছিলেন
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুর রহমান মূসা,কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব ড.ফয়জুল্লাহ,
উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ মাহফুজুর রহমান,ঢাকা মহানগরী পশ্চিম শিবির সভাপতি মহিবুল্লাহ আল হুসাইনী,জোবায়ের হোসেন রাজন।
এ সময় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিশ্ব স্বাক্ষরতা দিবসের আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক। আমরা বলেছিলাম, ‘চলো বদলে দেই ঢাকা উত্তর’। সেই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ শুরু করেছি।
তিনি বলেন, বর্জ্য কোনো সমস্যা নয়, বরং এটি একটি সম্পদ। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য থেকেই উন্নতি ও অগ্রগতি সম্ভব।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শুধু মুখের কথায় নয়, কাজের মাধ্যমেই আমরা ঢাকা শহরকে বদলে দিতে চাই। ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ২০টি স্মার্ট বিন স্থাপন করে বর্জ্য সংগ্রহের মাধ্যমে এসব বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব কলম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা থাকলে জনগণের কল্যাণে অনেক কিছুই করা সম্ভব। আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী আজ কোমলমতি শিশুদের হাতে পরিবেশবান্ধব কলম তুলে দিতে পেরেছি। এটি আমাদের কাজের একটি ছোট্ট উদাহরণ মাত্র।
তিনি আরও বলেন, এ ধরনের নতুনত্ব ও স্মার্ট চিন্তা আমাদের পথচলার শুরু। ভবিষ্যতেও নগরবাসীর কল্যাণে আরও নতুন ও সৃজনশীল উদ্যোগ অব্যহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, বর্জ্য পুনর্ব্যবহারকে কেন্দ্র করে কাগজ, কলমসহ বিভিন্ন ধরনের শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, চাকরি কোনো সোনার হরিণ নয়। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। আমরা মানুষকে অন্যের কাছে হাত পেতে দিতে চাই না; বরং কাজের বিনিময়ে সম্মানের সঙ্গে তাদের জীবনযাপনের সুযোগ করে দিতে চাই।
নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উপযুক্ত ও দায়িত্বশীল নেতৃত্বের অভাবেই মানুষ আজ অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই যাদের মধ্যে সততা, যোগ্যতা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলী রয়েছে, তাদের হাতেই নগর পরিচালনার দায়িত্ব জনগণ আগামীতে তুলে দিবে।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে জনগণ চুরি, দুর্নীতি ও সেবা থেকে বঞ্চিত রাখার রাজনীতিকে বেছে নেবে না। জনগণ সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্বকেই নির্বাচিত করবে।
তিনি আরও বলেন, এরই মধ্যে আমরা বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্পসহ নানা ধরনের সৃজনশীল ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই, ঢাকা শহরকে বদলে দেওয়া।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কাজের মাধ্যমেই নেতৃত্বের প্রমাণ দিতে হবে। কারণ কাজ ছাড়া বাংলাদেশের মানুষ আর কাউকে আগামীতে নেতা হিসেবে গ্রহণ করবে না।