শহীদ আবদুল মালেক
২৩ আগস্ট ২০২৬ ১০:৩৯
পেরিয়েছে একান্নটা বছর, দুয়ারে এসে কড়া নেড়েছে বিষাদের কলিং বেল
এনেছে বিরহী বার্তা, পাঁজর ভাঙা বেদনার দুঃসহ স্মৃতি
মুষড়ে পড়া কোনো আকুলতা নয়
সে তো আবারও জাগৃতির এক অনির্বচনীয় আহ্বান।
তবে কেন মৌ মৌ করে না সেই ঘ্রাণ
নিস্তরঙ্গই যেন আলোচনা সভা, মিটিং মিছিল
নেই বুঝি স্মরণিকা সমাহার
খাঁ-খাঁ করে না তো আর হৃদয়ের তেপান্তর।
আমরা চাই না কোনো অপারগতা, অধোবদনা কিছু
উচ্চারণ। কিংবা ভালোবাসার অবনতি
চাই না উপেক্ষার মতো নিস্তব্ধ অতীত
আমরা প্রমাণ করে দিতে চাই
শাহাদাত মানে তার কোনো পরিসমাপ্তি হয় না।
শহীদ আবদুল মালেক কোনো অচল পয়সা নয়
তিনি আদর্শ, তিনি বিপ্লব, তিনি অমর এক চেতনার নাম
আজও তিনি এক বিদেহী বিস্ময়ের ইতিহাস
আমাদের চেনা-জানা একজন আত্মার প্রতিফলন।
শানিত হোক তার সে প্রবন্ধের শব্দের ভেতর
বসত করা পরিবর্তনের ইচ্ছেগুলো
তৈরি হোক অলৌকিকতার জ্বলজ্বল করা আভা
ছিন্নভিন্ন করে দিক অজ্ঞতা, অন্ধকার।