মহানবীর সা. আদর্শ প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন – মাওলানা আবদুল হালিম


২০ আগস্ট ২০২৬ ০৯:৫০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আবদুল হালিম বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সা. যেই আদর্শ নিয়ে এসেছেন, এই আদর্শ অনুসরণ করে মানবাধিকার, ন্যায়বিচার এই দুটি আইনজীবীদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, মহানবীর আদর্শে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সিরাতুন্নবী সা. মাহফিল উদযাপন কমিটি সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে গত ১৮ আগস্ট মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সিরাতুন্নবী সা. মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মো. মসিউল আলমের সভাপতিত্বে এবং এডভোকেট সাইফুর রহমানের পরিচালনায় সিরাত মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা। বক্তব্য রাখেন সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মো. ইউসুফ আলী, এডভোকেট আবদুর রাজ্জাক, এডভোকেট আবদুল বাতেন, এডভোকেট শফিকুর রহমান, এডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট খালিদ আহমেদ, সিনিয়র এডভোকেট আবদুল হক, সিনিয়র এডভোকেট মনির হোসেন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, এডভোকেট এস এম জাহাঙ্গীর আলম, এডভোকেট আবদুল করিম, এডভোকেট মো. জালাল উদ্দিন, এডভোকেট আবদুল কাইয়ুম ভুঁইয়া প্রমুখ।
মুফতি আলী হাসান উসামা কুরআনের আয়াত তুলে ধরে বলেন, আইনজীবীদের শপথ নিতে হবে কোনো বিশ্বাসঘাতকের পক্ষে আমরা মামলায় লড়বো না, আমরা কোনো বাতিলের হাতকে শক্তিশালী করবো না। তিনি উপস্থিত আইনজীবীদের প্রেরণা দিয়ে বলেন, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের নামে অন্যায়ের সাথে আপস করা যাবে না। ন্যায়ের পক্ষে থাকতে মজলুমদের সহযোগিতা করতে তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিরাতুন্নবী সা. মাহফিলের উদ্দেশ্য হতে হবে মহানবী সা. আদর্শ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করা। প্রেস বিজ্ঞপ্তি।