জুলাই সনদ না মানলে এই সংসদের এমপি, মন্ত্রী প্রধানমন্ত্রী সব অবৈধ – মাওলানা আবদুল হালিম
৬ আগস্ট ২০২৬ ১১:১৯
রংপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই সনদ না মানলে এই সংসদের এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী সব অবৈধ হয়ে যাবে। জাতীয় নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এই রায় অস্বীকার করে ক্ষমতাসীন দল এখন দ্বিচারী আচরণ করছে।
তিনি বলেন, গণভোটের গণরায় না মানলে সরকারও টিকতে পারবে না। তাই জুলাই সংস্কার কমিশন গঠন করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবায়ন হলে সকল দলের জন্য ভাল হবে, কোনো একক দলের প্রাধান্য থাকবে না। আশা করি, এ ব্যাপারে সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
গত ১ আগস্ট শনিবার রংপুর নগরীরর স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার ওর্য়াড সভাপতি ও সেক্রটারিদের দিনব্যাপী আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী নবী রাসূলগণের দাওয়াত জনগণের দ্বারে পৌঁছানোর কাজ করে। সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য। আর আমাদের পরিচয় হচ্ছে দাঈ ইলাল্লাহ। পুরো সমাজ ব্যাবস্থায় জাতি গঠনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন করাই আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য। কুরআন-সুন্নাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই আমাদের ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনগণকে সংগঠিত করে ইসলামের আলোকে নিজেদের জীবন পরিচালনার জন্য দীনি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের ধ্বংস করার জন্য নিষিদ্ধ ঘোষণা, গুম-খুনসহ সকল প্রকার জুলুম-নির্যাতন করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে আমাদের ৬ জন ভাইকে শাহাদাতবরণ করিয়েছে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ১৫ বছর এক মাস কারান্তরালে নির্মম কষ্ট দিয়ে হত্যা করেছে। রংপুরের গর্বিত সন্তান এটিএম আজহারুল ইসলামকে বিভিন্ন মিথ্যা মামলায় ১৪ বছর কারাগারে ফাঁসির সেলে রেখে নির্মম কষ্ট দিয়ে নির্যাতন করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান, দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক।