সংবাদপত্রের পাতা থেকে


৬ আগস্ট ২০২৬ ১০:৩৩

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদযাপন করছে দেশ। জুলাইয়ের আন্দোলনমুখর দিনগুলোর ঘটনাপ্রবাহ, শাহাদাত, জুলাইযোদ্ধাদের জীবনের নানা দিক, ট্রাইব্যুনালে জুলাই গণহত্যাকারীদের বিচার, ক্যাম্পাসগুলোর ছাত্ররাজনীতি, হামলা ইত্যাদি বিষয় স্থান পেয়েছে পত্রিকার পাতায়।
দৈনিক যুগান্তর পত্রিকা গত ৫ আগস্ট ‘লক্ষ্য থেকে কত দূরে বাংলাদেশ’ শিরোনামে একটি প্রধান খবর প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, ‘কোটা না মেধা, মেধা মেধা; কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক; আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’Ñ এরকম স্লোগানের মধ্য দিয়ে চব্বিশের জুলাই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। কিন্তু ওই বর্ষা বিপ্লবে যখন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের শত শত নিরস্ত্র মানুষ জীবন দিচ্ছিল, মানুষের মূল্যবান জীবন নিয়ে ফ্যাসিস্ট সরকার যখন রীতিমতো হোলি খেলছিল; তখন একপর্যায়ে এসে তা সরকার পতনের একদফায় রূপ নেয়। এরপর সেই মাহেন্দ্রক্ষণ। রক্তাক্ত ৩৬ জুলাই। চব্বিশের ৫ আগস্ট। অবিশ্বাস্য পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দুপুরের খাবার ফেলে জীবন বাঁচাতে গণভবন ছেড়ে হেলিকপ্টার ও সামরিক বিমানে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী।
এদিন কালের কণ্ঠ পত্রিকা জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি নিয়ে প্রধান খবর ছেপেছে। ‘পথে ৭৯%, হাসপাতালে ২১% মৃত্যু’ শিরোনামের খবরে বলেছে, ‘রোগীর সঙ্গে কে আছেন?’ জরুরি বিভাগের চিকিৎসকের এমন জিজ্ঞাসার উত্তর দিতে পারেননি কামাল হাওলাদার। কারণ কয়েক মিনিট আগেও তাঁর আত্মবিশ্বাস ছিল, মাথায় গুলিবিদ্ধ ছেলে সিফাতকে নিশ্চয় বাঁচানো যাবে। মিরপুরের আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল থেকে ছুটে এসেছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন সিফাত আর নেই। হাসপাতালের করিডোরেই তীব্র কান্নার যন্ত্রণায় নিভে যায় সন্তান নিয়ে একজন বাবার শেষ আশাটুকু।
এটা শুধু একজন সিফাতকে হারানোর বেদনাবিধুর গল্প নয়। ২৪-এর রক্তাক্ত জুলাইয়ের দিনগুলোয় সিফাতের বাবার মতো অসংখ্য বাবা-মা, ভাই-বোন ও স্বজনকে হাসপাতালের করিডরে দাঁড়িয়ে শুনতে হয়েছিল সেই নির্মম বাক্যÑ ‘অনেক আগেই মারা গেছেন।’ জীবন রক্ষায় যে হাসপাতাল মানুষের শেষ ভরসার স্থল, জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের রক্তাক্ত দিনগুলোয় সেই হাসপাতাল অগণন মানুষের জন্য হয়ে উঠেছিল চিকিৎসা নয়, মৃত্যুর আনুষ্ঠানিক নিবন্ধনের স্থান।
জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত দিনগুলোয় দেশের সরকারি হাসপাতালের ৮৩১ জন জুলাই শহীদের নিবন্ধন বিশ্লেষণ করে দেখা গেছে, গুরুতর আহত অবস্থায় ৬৫৫ জনকে (৭৮.৮ শতাংশ) হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন। আর ১৭৬ জন হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সমকাল পত্রিকা গত ৫ আগস্ট ‘জুলাইয়ের শক্তিগুলো বিচ্ছিন্ন’ শিরোনামের প্রধান খবরে লিখেছে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো গত দুই বছরে অনেকটা বিভক্ত হয়ে পড়েছে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়ার বিষয়ে একমত থাকলেও সংস্কার ও বয়ানের রাজনীতিতে রয়েছে তাদের অবস্থান ভিন্ন মেরুতে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, জুলাই অভ্যুত্থানে পরস্পরের অবদানকে পুরোপুরি স্বীকার করছে না। সামাজিক মাধ্যম ও বক্তৃতায় একে অন্যকে হেয় করছে। পক্ষগুলোর মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের শাসনামলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জোটবদ্ধ হয়ে আন্দোলন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। এতে তারা সফল হতে না পারলেও ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সূচিত হওয়া অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটে।
দৈনিক আমার দেশ গত ৫ আগস্ট ‘ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন থেকে মুক্তির দিন’ শিরোনামের খবরে লিখেছে, সেদিন বাংলাদেশে ভোর হয়েছিল গভীর উদ্বেগ-উৎকণ্ঠায়। সকালের আকাশটা যেন মুখ গোমড়া করে ছিল। আগের দিনের সারি সারি লাশ আর রক্তবন্যা দেখে প্রকৃতিও যেন শোকস্তব্ধ হয়ে পড়েছিল। রাজধানীর রাস্তাঘাট ছিল ফাঁকা। গা ছমছম পরিবেশ। প্রচণ্ড সুনামির আগ মুহূর্তে যেমনটা থাকে। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো সাড়া-শব্দ নেই। সাড়ে ১০টার পর প্রথম পুরান ঢাকার বকশীবাজার এলাকা থেকে ছাত্র-জনতার মিছিলে গুলির খবর আসে। শহীদ মিনারের দিকে যেতে চাইলে সরাসরি গুলি করে কয়েকজনকে হত্যা করা হয়। এর কিছু সময় পর যাত্রাবাড়ী, উত্তরা, শহীদ মিনার, শাহবাগ, বাড্ডা ও মিরপুরসহ বিভিন্ন জায়গায় সর্বস্তরের মানুষের ঢল নামার খবর আসতে শুরু করে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটোয়া বাহিনী কোথাও কোথাও ছাত্র-জনতার বাঁধভাঙা জোয়ার ঠেকানোর ব্যর্থ চেষ্টা করে। বুলেট খরচ হয়, টিয়ার গ্যাস ফুরিয়ে যায়, কিন্তু অপ্রতিরোধ্য জনজোয়ার আর থামে না। বেলা বাড়ার সাথে সাথে ভেঙে পড়ে হাসিনার খুনে বাহিনীর রণসাজ। সাথে কাচের ঘরের মতো ধসে পড়ে দেড় দশকের ফ্যাসিস্ট শাসনের মসনদ।
দৈনিক মানবজমিন ‘হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, অস্থিরতা’ শিরোনামে প্রধান খবর ছেপেছে। খবরে লিখেছে, হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সংঘর্ষের পর থেকেই উত্তেজনা শুরু হয়। গতকাল দিনভর সংঘর্ষ হয়েছে রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে। সংঘর্ষ হয়েছে মূলত ছাত্রদল ও ছাত্রশিবিরের মাঝে। ছাত্রদলের সাথে সংঘর্ষে যোগ দেয় যুবদলের নেতাকর্মীরাও। সংঘর্ষ হয় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি আলিয়া মাদরাসায়। জগন্নাথের হামলায় আহতরা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানেও হামলা চালায় ছাত্রদল। এসব সংঘর্ষে আহত হয় শতাধিক নেতাকর্মী।
দৈনিক নয়া দিগন্ত ‘কৃষির চালিকামুক্তি ক্ষুদ্র কৃষক, আয়ে বাড়ে বৈষম্য’ শিরোনামে খবর প্রকাশ করেছে। এতে বলেছে, বাংলাদেশের কৃষি এখনো ক্ষুদ্র খাদ্য উৎপাদকদের ওপর নির্ভরশীল হলেও আয় ও উৎপাদনশীলতায় বৃহৎ উৎপাদকদের সাথে তাদের ব্যবধান উল্লেখযোগ্য। বাংলাদেশে মোট খাদ্য উৎপাদকের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক। কিন্তু তাদের গড় বার্ষিক আয় মাত্র ৩৩ হাজার ৬৩৯ টাকা, যা বৃহৎ উৎপাদকদের গড় বার্ষিক আয় এক লাখ ২৯ হাজার ৯৫৬ টাকার প্রায় চার ভাগের এক ভাগ। একইভাবে শ্রম-দিন প্রতি ক্ষুদ্র কৃষকের গড় আয় এক হাজার ৪৯৪ টাকা, যেখানে বৃহৎ উৎপাদকদের আয় দুই হাজার ৩০১ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ক্ষুদ্র খাদ্য উৎপাদকদের আয় ও উৎপাদনশীলতা বিষয়ক জরিপ ২০২৫’-এ এসব তথ্য উঠে এসেছে।
গত ৩ আগস্ট ‘ক্ষত বয়ে বেড়াচ্ছে দুই হাজার শিশু’ শিরোনামে প্রধান খবর ছেপেছে। বলেছে, একটি বারান্দা। একটি স্কুলব্যাগ। একটি আইসক্রিম। ২০২৪ সালের জুলাইয়ে এই সাধারণ দৃশ্যও রক্তাক্ত স্মৃতিতে পরিণত হয়েছিল। বারান্দায় দাঁড়িয়ে থাকা চার বছরের আবদুল আহাদ আর ঘরে ফিরতে পারেনি। বাবার সাথে আইসক্রিম কিনতে বের হওয়া ছোট্ট বাসিত খান মুসা আজও শরীরের অর্ধেক অংশ অবশ নিয়ে বেঁচে আছে।
স্কুল থেকে ফেরার পথে ছররা গুলিতে ঝাঁঝরা হয়েছে জিহাদুর রহমান ফাহিম। আট বছরের নিশাদ আহমেদ সাগর এখনো মাঝরাতে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে।
জুলাই গণঅভ্যুত্থানের সরকারি হিসাব শুধু একটি রাজনৈতিক আন্দোলনের চিত্র নয়, বরং একটি হারিয়ে যাওয়া প্রজন্মের নির্মম বাস্তবতাও তুলে ধরে। সরকারি গেজেট অনুযায়ী, গণঅভ্যুত্থানে ৮৪৩ জন শহীদ এবং ১৪ হাজার ৩৭০ জন আহত হয়েছেন। তবে এর মধ্যে কতজন শিশু এর কোনো সঠিক হিসাব নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে।
বণিক বার্তা গত ৩ আগস্ট ‘দক্ষিণ এশিয়ায় জেন-জি অভ্যুত্থান : আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও পুরনো ব্যবস্থা অপরিবর্তিত’ শিরোনামে প্রতিবেদন করেছে। এতে লিখেছে, দুই বছর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বিকাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে তখন জাতীয় শহীদ মিনারে সমবেত লাখো জনতা। ওই সমাবেশে তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের ঘোষণা দেন। তাদের সেই ডাকে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান দেড় দশকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পতন তরুণ প্রজন্মসহ দেশের মানুষকে নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখিয়েছিল; যেখানে বৈষম্য কমবে, আইনের শাসন নিশ্চিত হবে এবং সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠিত হবে। তবে বিশ্লেষক ও আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকেই মনে করছেন, তরুণরা আন্দোলনে সরকারের পরিবর্তন ঘটাতে পারলেও রাষ্ট্রের কাক্সিক্ষত পরিবর্তন আনতে সফল হয়নি।
‘ঘাটতি গ্যাসে বাড়তি লোডশেডিং’ শিরোনামে গত ৩ আগস্ট ইত্তেফাক প্রধান খবর ছেপেছে। এতে পত্রিকাটি বলেছে, মহেশখালীতে একটি এলএনজি টার্মিনাল বন্ধের ধাক্কায় দেশ তীব্র গ্যাস-সংকট চলছে। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় কমেছে বিদ্যুৎ উৎপাদন। এর সাথে কয়লা ও তরল জ্বালানি সরবরাহে সমস্যা এবং বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিযুক্ত হয়ে লোডশেডিং আরও বেড়েছে। শনিবার রাত ১টায় দেশে বিদ্যুতের ঘাটতি একপর্যায়ে প্রায় ২ হাজার ৯১৬ মেগাওয়াটে পৌঁছায়।
গ্যাসের সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রায় অর্ধেকে নেমেছে অনেক কারখানার উৎপাদন। বাসাবাড়িতে জ্বলছে না বা ঢিমেতালে জ্বলছে রান্নার চুলা। সিএনজি স্টেশনগুলোয় তৈরি হওয়া দীর্ঘ সারি সরছে না। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় রাজধানীর বাইরে; বিশেষ করে গ্রামীণ এলাকায় লোডশেডিংয়ের কারণে ভোগান্তি বেড়েছে।
গত ৩ আগস্ট মানবজমিন “বেনজীরকে জামিনে মুক্তির খবর, দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ ঢাকার” শিরোনামে খবর প্রকাশ করেছে। বলেছে, শর্তসাপেক্ষে জামিন পেয়ে দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই কারামুক্ত হন বেনজীর। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে শর্তসাপেক্ষে বেনজীরকে জামিন দেয়ার সিদ্ধান্ত নেন আদালত। তবে জামিন আদেশের ক্ষেত্রে সেখানকার আদালত কয়েকটি শর্তারোপ করেছেন। শর্তানুযায়ী বেনজীরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
আমার দেশ গত ৩ আগস্ট ‘৫৩৭ জনের দৃষ্টি কড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার’ শিরোনামে প্রতিবেদন করেছে। বলেছে, জুলাই বিপ্লবে রাজপথ যখন রক্তে রঞ্জিত, তখন বিভীষিকাময় আরেকটি অধ্যায় রচিত হচ্ছিল এ দেশের প্রতিবাদী প্রজন্মকে ঘিরে। স্বৈরাচারী হাসিনার পুলিশবাহিনীর বুলেটে বিদীর্ণ হয়েছিল শত শত স্বপ্নাতুর চোখ। ১৭ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ২০ দিনে গুলিতে অন্তত ৫৩৭ জন তাদের দৃষ্টিশক্তি হারান। তাদের মধ্যে ৪৪ জন দুচোখেরই আলো হারিয়েছেন, আর ৪৯৩ জন হারিয়েছেন এক চোখের দৃষ্টি।
‘অধরা জুলাই আকাক্সক্ষা’ শিরোনামে গত ৩ আগস্ট নয়া দিগন্ত খবর প্রকাশ করেছে। এতে লিখেছে, আকাক্সক্ষা ছিল আমূল পরিবর্তনের। কিন্তু ভোট হলো, নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় এলো, বদল হলো ঠিক কোথায়? এমন প্রশ্ন এখন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষের মুখে মুখে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও অনিয়ম, চাঁদাবাজি, দলীয়করণ ও দুর্নীতির সংস্কৃতি বহাল রয়েছে আগের মতোই, যা নিয়ে বিভিন্ন মহলে চলছে গভীর আলোচনা। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে চলমান মতপার্থক্য ও বিভেদ একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
প্রথম আলো গত ৩ আগস্ট ‘হামের রোগীর ঝুঁকি আরও বাড়াচ্ছে এডিনো ভাইরাস’ শিরোনামে জনস্বাস্থ্য নিয়ে একটি প্রতিবেদন করেছে। এতে পত্রিকাটি তুলে ধরেছে, হামের রোগী এডিনো ভাইরাসে আক্রান্ত হলে জটিলতা বাড়ে, রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত বেশ কিছু শিশুর স্বাস্থ্য পরীক্ষায় এই ভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন, হামের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে এডিনো ভাইরাসের বিষয়টি বিবেচনায় রাখা উচিত।
শিশু হাসপাতালের পক্ষ থেকে এডিনো ভাইরাসের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। যুক্তরাষ্ট্র সরকার এবং তাদের রোগনিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তাদের বিশেষজ্ঞরা ইতিমধ্যে শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।
যুগান্তর গত ৩ আগস্ট ‘সার্জিও গোরের সফরে কৌশলগত নতুন চাপ’ শিরোনামে খবর প্রকাশ করেছে। বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের এক মাসের মাথায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে তিন দিনের সফর শেষ করলেন। এ সফরের বার্তা, প্রাপ্তি-অপ্রাপ্তি-সবই এখন আলোচনায়। ইন্দো-প্যাসিফিকের ভূরাজনৈতিক সমীকরণে নানা খাতে আগামীর বাংলাদেশের কৌশল কী হবে, এ সফরে যেন তাই জানতে চাওয়া হয়েছে। কেউ কেউ গোরের এই সফরকে বাংলাদেশের জন্য কৌশলগত চাপ বলে মনে করছেন। তবে কূটনৈতিক মহলগুলো বলছে, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো পরাশক্তিগুলোর নানা চাওয়াপাওয়া বাংলাদেশ কীভাবে সমন্বয় করবে, তাই যেন এই সফরের বৈঠকের আড়ালে মুখ্য হয়ে উঠেছিল। বাংলাদেশ কতটা যুক্তরাষ্ট্র বা কতটা চীনমুখী-তারই হিসাবনিকাশ যেন করা হচ্ছে নতুন করে। প্রধানমন্ত্রীর চীন সফরে নানা সমঝোতা ও চুক্তি, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি এবং ভারতের সাথে সম্পর্কের আগামীর গতিপ্রকৃতি-সবকিছু বাংলাদেশ কীভাবে সামাল দেবে, সে প্রশ্নের উত্তরই যেন খুঁজে নেওয়ার চেষ্টা হয়েছে এই সফরে।
গ্রন্থনা- আবু জায়েদ আনসারী