সংবাদপত্রের পাতা থেকে
২২ জুলাই ২০২৬ ১৯:৫৭
গত সপ্তাহজুড়ে জাতীয় দৈনিকগুলোয় বেশকিছু গুরুত্বপূর্ণ সংবাদ ছাপানো হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক নানা ঘটনা স্থান করে নিয়েছে খবরের পাতায়। দেশের বিভিন্ন খাতে দুর্নীতি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি, প্রতারণা, নাগরিকদের স্বাস্থ্যঝুঁকির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে গণমাধ্যমগুলো। আজকের আয়োজনে থাকছে সেসব খবরের চুম্বক অংশ।
গত ২২ জুলাই বুধবার বণিক বার্তা পত্রিকা ব্যাক পেজে লিড করে ‘টিউশন ফির ১৮ কোটি টাকা ‘আত্মসাৎ’, ভিসা পাননি প্রায় ৩০০ বাংলাদেশি শিক্ষার্থী’ শিরোনামে সংবাদ ছেপেছে। এতে ‘কোরিয়ার শিনগিয়ংজু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শিনগিয়ংজু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফি জমা দেয়া প্রায় ৩০০ বাংলাদেশি শিক্ষার্থীর তালিকা এসেছে বণিক বার্তার হাতে। প্রত্যেককে টিউশন ফি, ভর্তি ফি ও আবাসন ব্যয় মিলিয়ে ৭১ লাখ ৩০ হাজার কোরিয়ান ওন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা করে জমা দিতে হয়েছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের হিসাবে জমা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। আর এ অর্থের বড় অংশই এসেছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সঞ্চয় থেকে। কেউ জমি বিক্রি করেছেন, কেউ ব্যাংক ঋণ নিয়েছেন, আবার কেউ আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে সন্তানের বিদেশে পড়ার স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন। সে স্বপ্নই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে।
পত্রিকাটি ‘বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বিনিয়োগ বাড়ানোর প্রধান চ্যালেঞ্জ এখন জ্বালানি সংকট’ শিরানামে প্রধান খবর ছেপেছে। বলা হয়, কয়েক বছর ধরেই দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে। চার বছর আগে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির প্রধান এ খাতে ঋণ প্রবৃদ্ধির হার ছিল প্রায় ১৪ শতাংশের ঘরে। ধারাবাহিকভাবে কমে সে প্রবৃদ্ধি এখন ৫ শতাংশের নিচে নেমে এসেছে। বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়াতে প্রণোদনা, নীতি সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। যদিও ব্যাংকার ও উদ্যোক্তারা বলছেন, ঋণের সুদহার কমানো কিংবা নীতি ছাড়ের কোনোটিই পুরোপুরি কাজে আসবে না, যদি শিল্পোদ্যোগে চাহিদা অনুসারে গ্যাসসহ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না যায়।
দৈনিক ইত্তেফাক গত ২২ জুলাই বিএনপির রাজনৈতিক মিত্রদের নিয়ে খবর ছেপেছে। ‘কেউ চান মন্ত্রিত্ব, কারো চাওয়া সরকারি সুবিধা’ শিরোনামের প্রধান খবরে বলা হয়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে নানা পরামর্শ ও মতামত প্রদানের পাশাপাশি উঠে এসেছে প্রাপ্তি-অপ্রাপ্তির কথাও। শরিক নেতাদের কেউ কেউ মন্ত্রিসভায় স্থান পাওয়ার আগ্রহের কথা বলেছেন প্রধানমন্ত্রীকে। কেউ কেউ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। আবার কেউ কেউ বলেছেন, বিএনপির ৩১ দফা ও স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদের ‘উচ্চকক্ষ’ গঠন হলে সেটির সদস্য পদে যেন তাদেরকে বিবেচনা করা হয়।
এদিন বাংলাদেশ প্রতিদিন এদিন প্রথম পৃষ্ঠায় ‘নতুন নামে পুরোনো র্যাব’ দ্বিতীয় প্রধান খবর ছেপেছে। বলা হয়, বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর পরিবর্তে বাংলাদেশ পুলিশের অধীন সম্পূর্ণ নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠন করা হচ্ছে, যার নাম রাখা হয়েছে ‘স্পেশাল রেসপন্স ফোর্সেস/ব্যাটালিয়ন’ (এসআরএফ/এসআরবি)। এ-সংক্রান্ত একটি খসড়া আইন প্রণয়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৯ জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় ও অংশীজন সভায় খসড়া আইনটি চূড়ান্ত করা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র্যাব-১ শাখা থেকে ১৩ জুলাই জারি করা নোটিসের সূত্রে এসব জানা গেছে।
গত ২২ জুলাই দৈনিক সমকাল পত্রিকা ‘স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা’ শিরোনামে একটি সংবাদ ছেপেছে। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া দ্বৈত নাগরিক, ঋণখেলাপির জামিনদার, বিলখেলাপি প্রতিষ্ঠানের কর্ণধারদের ভোটে অযোগ্য ঘোষণা করাসহ স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দৈনিক কালের কণ্ঠ গত ২২ জুলাই ‘উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যার অবনতি’ শিরোনামে ব্যাকপেজে একটি খবর ছেপেছে। বলা হয়, দেশের অভ্যন্তরে ও উজানে ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকটি নদনদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিয়েছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দৈনিক যুগান্তর সরকারি মেঘা প্রকল্পে দুর্নীতির বিষয়ে খবর ছেপেছে। গত ২২ জুলাই ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তিন টাকায় ১ টাকা দুর্নীতি’ শিরোনামে প্রধান খবর ছেপেছে। বলা হয়, দেশের সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অনিয়ম যেন থামছেই না। বালিশ-কাণ্ডের পর এবার বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। ৯ অর্থবছরে প্রকল্পটিতে প্রায় ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ের বিপরীতে ২৯ হাজার ৬০০ কোটি টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত করেছে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর (ফাপাড)। অর্থাৎ ব্যয় হওয়া প্রতি তিন টাকার মধ্যে প্রায় এক টাকার হিসাব নিয়ে আপত্তি তুলেছেন নিরীক্ষকরা। একই সময়ে প্রকল্পে ২৩০টি অডিট আপত্তি উঠেছে। এর মধ্যে ১২০টিই রাশিয়ার নাগরিকদের জন্য নির্মিত গ্রিন সিটি আবাসন প্রকল্প ঘিরে।
গত ২২ জুলাই দৈনিক সংগ্রাম ‘প্যাকেটজাত খাবারে বাড়ছে অকাল মৃত্যুর ঝুঁকি’ শিরোনামে প্রধান খবর ছেপেছে। এতে বলা হয়, অকাল মৃত্যু ডেকে আনছে প্যাকেটজাত খাবার। কারণ প্যাকেটজাত পণ্যে ব্যবহার করা হচ্ছে অতিরিক্তি চিনি, লবণ এবং ট্রান্সফ্যাট; যা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, প্যাকেটজাত খাবারে তিনটি উপাদান বেশি ব্যবহারের কারণে মানুষের মধ্যে অসংক্রামক রোগের মহামারি দেখা দিয়েছে। বিশেষ করে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হয়ে অকালে ঝড়ছে বহু প্রাণ। এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্যাকেটজাত পণ্যের মোড়কে খাদ্য ও পুষ্টি উপাদান এবং অতিরিক্ত চিনি, লবণ এবং ট্রান্সফ্যাট থাকার কথা উল্লেখ করে লেবেল দেওয়ার বাধ্যবাধকতার আইন প্রয়োগের প্রয়োজনীতার কথা বলছেন তারা। যাতে জনগণ এসব বিষয়ে সচেতন হতে পারেন এবং অস্বাস্থ্যকর খাবার পরিবহার করে স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করতে পারে।
গত ২২ জুলাই যুাগন্তর ‘মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির পরও শিক্ষা নেই, অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ’ শিরোনামে প্রধান খবর ছেপেছে। এতে বলা হয়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ৩৫ জনের প্রাণহানির পর বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। হযরত শাহজালাল ও তেজগাঁও বিমানবন্দরের আশপাশে গত এক দশকে উচ্চতাসীমা লঙ্ঘন করে গড়ে ওঠা পাঁচ শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আন্তর্জাতিক মানদণ্ড ভেঙে; এমনকি জাল ছাড়পত্র ব্যবহার করেও নির্মিত হয়েছে এসব ভবন। এগুলো অপসারণে বছরখানেক আগে রাজউককে চিঠি দেওয়া হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে যে কোনো সময় আবারও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।
গত ২০ জুলাই দেশের সকল গণমাধ্যমের প্রধান খবর ছিল বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। এদিন যুগান্তর ‘মেসিদের কাঁদিয়ে ইয়ামালরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, গৌরব-সৌরভে সুরভিত স্পেন’ শিরোনামে খবর ছেপেছে। এতে বলা হয়, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেন প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার একমাত্র গোলে। সেই স্প্যানিশ কিংবদন্তি কাল মাঠে এলেন হাতে ট্রফি নিয়ে। সঙ্গে ছিলেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক মারিও কেম্পেস। ১৬ বছর পর ইনিয়েস্তার সামনে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতল সেই একই ব্যবধানে- ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে। এবার জয়ের নায়ক বদলি হিসাবে নামা আরেক বার্সেলোনা তারকা ফেরান তোরেস। নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের রবিবাসরীয় ফাইনালে নিষ্প্রভ লিওনেল মেসি ও আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয়। ১২০ মিনিটের অসম লড়াইয়ে স্পেনের বিপক্ষে একাই লড়েছেন আর্জেন্টিনার শেষ প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু তার ১০টি সেভেও শেষ রক্ষা হয়নি গতবারের চ্যাম্পিয়নদের। ১০৬ মিনিটে দুর্দান্ত এক গোলে মেসিদের বিষাদে ডুবিয়ে গ্যালারিতে লাল ঝড় তোলেন ফেরান তোরেস।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক প্রধান খবর হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ। গত ১৯ জুলাই প্রথম আলো ‘যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা’ শিরোনামে প্রধান খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবার পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো ওয়াশিংটন আর মানবে না। গতকাল শনিবার ইরানও এমওইউ সম্পর্কে একই অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। পাশাপাশি ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র এভাবে আর দু-তিন দিন হামলা চালালে তেহরান ‘সর্বাত্মক অভিযান’ শুরু করবে। যুক্তরাষ্ট্র গতকাল টানা সপ্তম দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাবে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা ও সংশ্লিষ্ট দেশের বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে ইরান।
গত ২০ জুলাই ইনকিলাব ‘বিদ্যুতের দাম ৫৯ শতাংশ বেশি নিচ্ছে আদানির কোম্পানি’ শিরোনামের খবর প্রকাশ করেছে। বলেছে, গত ২০২৪-২৫ অর্থবছরে আদানি থেকে আমদানি করা প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুতের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গড়ে ১৪ দশমিক ৮৬ টাকা পরিশোধ করেছে সরকার। অপরদিকে অন্য তিনটি সরবরাহকারীর বিদ্যুতের সম্মিলিত গড় দাম ছিল ইউনিটপ্রতি ৯ দশমিক ৩৩ টাকা। ২০২৪-২৫ অর্থবছরেও বাংলাদেশে আমদানি করা বিদ্যুতের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিল ভারতের আদানি পাওয়ার লিমিটেড (ঝাড়খণ্ড) থেকে কেনা হয়েছে বিদ্যুৎ। এদিকে বাংলাদেশে আমদানির বিদ্যুতের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে না পারলে হাজার হাজার কোটি টাকা ভারতে দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দৈনিক নয়া দিগন্ত গত ২১ জুলাই স্থানীয় নির্বাচন নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে। পত্রিকাটি ‘নির্দলীয় ভোটের সমীকরণে ইসির স্থানীয় নির্বাচন প্রস্তুতি’ শীর্ষক প্রধান খবরে বলেছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ও আইনি প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সংশ্লিষ্ট আইন, আচরণবিধি ও বিভিন্ন ধারা সংস্কারের কাজে এখন ব্যস্ত সময় পার করছে কমিশন। একই সময়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন পর্যায়ে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে জোর প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন প্রার্থী ও দলীয় সম্ভাব্য প্রার্থীরা। ইসি সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরে তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে নির্বাচনের সূচনা করতে চায় কমিশন, যা এখন সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে।
সম্প্রতি বাংলাদেশের বেশ আলোচিত ঘটনা হলো মেজর জিয়ার হত্যকারীকে গ্রেফতার। দৈনিক নয়া দিগন্ত গত ২০ জুলাই ‘বের হতে পারে জিয়া হত্যার ভূরাজনীতির নেপথ্য সূত্র’ শিরোনামে প্রধান খবর ছেপেছে। এতে বলা হয়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে সংঘটিত রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, বীর-উত্তমের নির্মম হত্যাকাণ্ড কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি টার্নিং পয়েন্ট ছিল না, বরং এটি ছিল দক্ষিণ এশীয় ভূরাজনীতির এক গভীর ও সুদূরপ্রসারী কৌশলগত সমীকরণের অংশ। দীর্ঘ সাড়ে চার দশক ধরে এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড এবং নেপথ্য কুশীলবদের পরিচয় নিয়ে ধোঁয়াশা ও রহস্যের পাহাড় জমেছে। তবে সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক মামলার ৬ নম্বর পলাতক আসামি এবং তৎকালীন মেজর (অব.) মোজাফফর হোসেনের গ্রেফতারের পর পরিস্থিতি সম্পূর্ণ নতুন দিকে মোড় নিয়েছে। বর্তমানে সেনাবাহিনীর বিশেষ হেফাজতে থাকা এই কর্মকর্তার জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) চলা জিজ্ঞাসাবাদ থেকে এমন কিছু তথ্য ও উপাত্ত বেরিয়ে আসতে শুরু করেছে, যা এই হত্যাকাণ্ডে প্রতিবেশী দেশ ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করছে। অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মোজাফফরকে যথাযথভাবে এবং প্রভাবমুক্ত পরিবেশে জিজ্ঞাসাবাদ করা গেলে জিয়া হত্যাকাণ্ডের অন্তরালে থাকা আন্তর্জাতিক ভূরাজনৈতিক রহস্যের জট পরিপূর্ণভাবে উন্মোচিত হতে পারে।
পত্রিকাটি গত ১৮ জুলাই নয়া দিগন্ত ‘সংসদীয় এখতিয়ার ও গণভোটের ম্যান্ডেট বিতর্কে নতুন সঙ্কট’ শিরোনামে খবর ছেপেছে। এতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন আর কেবল রাজপথের আন্দোলন কিংবা ক্ষমতাবদলের প্রশ্নে সীমাবদ্ধ নেই। গণ-অভ্যুত্থান-উত্তর রাজনৈতিক বন্দোবস্তের আইনি রূপরেখা এবং নতুন সংবিধান সংস্কারের পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে এক গভীর সাংবিধানিক দ্বিমুখী দ্বন্দ্ব। এক দিকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের দাবি, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী গঠন করতে হবে পৃথক ‘সংবিধান সংস্কার পরিষদ’। অন্যদিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত নির্বাচিত সরকারের অবস্থান-সংবিধানের রূপান্তর হতে হবে নির্বাচিত সংসদ ও সংসদীয় কমিটির মাধ্যমেই।
দৈনিক আমার দেশ গত ১৯ জুলাই ‘পলায়নের ঘটনায় হাসিনার নামে নতুন মামলার প্রস্তুতি’ শিরোনামের খবরে বলেছে, পালিয়ে যাওয়ার ঘটনায় পতিত স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে নতুন মামলা হচ্ছে। এ মামলায় আসামি করা হবে তার সঙ্গে পালিয়ে যাওয়া ছোট বোন শেখ রেহানাকেও। এতে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন না করে দেশত্যাগের অভিযোগ আনা হচ্ছে। এ-সংক্রান্ত ২০১৩ সালের অভিবাসী আইনে মামলা দায়েরের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনার পলায়নকালীন ঘটনার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। এ মামলায় ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে সহায়তাকারীদেরও যুক্ত করা হতে পারে। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে।
আমার দেশ গত ১৯ জুলাই ‘বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম, খাদ্য-পানির তীব্র সংকট’ শিরোনামে একটি খবর ছেপেছে। এতে বলা হয়, টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের কৃষি খাতে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। আউশ ধান, আমনের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মহানগরসহ জেলার ১৬ উপজেলার প্রায় সবকটিই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ হাজার নলকূপ। ফলে পানি নেমে গেলেও দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
গ্রন্থনা : আবু জায়েদ আনসারী