বিশ্বের তিন দেশে একযোগে শক্তিশালী ভূমিকম্প


২ জুলাই ২০২৬ ২১:১৭

ঢাকায় আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা
ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১৭শ’ ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার : ভেনেজুয়েলায় ৭ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় ট্রুহিলো, কারাবাও, মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় একের পর এক ভবন ধসে পড়েছে। গত ২৪ জুন এই ভূমিকম্পের পর ৩০ জুন পর্যন্ত অন্তত ১৭শ’ মানুষের লাশ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে (ভেনেজুয়েলা) শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে বহু প্রাণহানির ঘটনা ঘটার পর জাপানের উত্তর-পূর্বাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পপ্রবণ বিভিন্ন অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্প নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরাও। পরপর বিশ্বের তিনটি ভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। কেননা গত বছরের ২১ নভেম্বর শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হন। সবচেয়ে বেশি পাঁচজনের প্রাণহানি ঘটে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। সম্প্রতি ভেনেজুয়েলাসহ বিশ্বের তিনটি দেশে ভূমিকম্পের পর রাজধানীর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাসের পশ্চিমে ক্যারিবীয় উপকূলীয় অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, এটি ছিল দেশটির গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। এদিকে গত বছরের ২১ নভেম্বর বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, তা আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এরপর ওই সময় পরপর কয়েকবার ভূমিকম্প সৃষ্টি হয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ে। দীর্ঘদিন পর আবার ভেনেজুয়েলায় ভূমিকম্প হওয়ার পর বাংলাদেশের মানুষ আবারও আতঙ্কিত হয়ে পড়ে। অনেকের সাথে কথা বলে এই আতঙ্কের কথা জানা গেছে। বিশেষ করে ঢাকাবাসী বেশ আতঙ্কে রয়েছে। কেননা এই নগরীর অনেক ভবনই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। ভবিষ্যতে আরও বেশি মাত্রার ভূমিকম্প হলে তার ক্ষয়ক্ষতি ভয়াবহ হতে পারেÑ এমন সতর্কতা বারবারই জানিয়ে আসছেন দেশের বিশেষজ্ঞরা।
জাপানে শক্তিশালী কম্পন
ভেনেজুয়েলার বিপর্যয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গত ২৪ জুন এশিয়ার দেশ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানায়, কম্পনের মাত্রা ছিল প্রায় ৭.২। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় সেখানে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিও তুলনামূলক শক্তিশালী।
ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী কম্পন
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলেও গত ২৪ জুন বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মেনডোসিনো কাউন্টির রেডউড ভ্যালি এলাকার কাছে। স্থানীয় সংবাদমাধ্যম ও ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, অঞ্চলটিতে প্রায় ৯০ বছরের মধ্যে এটি অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, কম্পনে কিছু মানুষ আহত হয়েছেন এবং কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্নতার মুখে পড়েন। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের প্রাণহানি ঘটেনি। ভূমিকম্পের পর একাধিক আফটারশকও রেকর্ড করা হয়েছে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা : ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বিভিন্ন টেকটোনিক প্লেটের সক্রিয় অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। ভেনেজুয়েলা, জাপান ও ক্যালিফোর্নিয়ার ভূমিকম্পগুলোর মধ্যে সরাসরি বৈজ্ঞানিক সম্পর্কের প্রমাণ নেই। তবে স্বল্পসময়ের ব্যবধানে একাধিক দেশে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আফটারশকের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।