সংবাদপত্রের পাতা থেকে
২৫ জুন ২০২৬ ১০:৩০
সপ্তাহজুড়ে জাতীয় দৈনিকগুলোর প্রধান খবর ছিল ইলিয়াস আলীর গুম, জাতীয় সংসদের উত্তপ্ত পরিবেশ, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, মাদক, রাজনৈতিক হত্যাকাণ্ড, অর্থনীতির হালচাল, খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। জাতীয় দৈনিকগুলোর কিছু মূল খবর নিয়ে আজকের আয়োজন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি সাম্প্রতিক সময়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়ে উঠেছে। যুদ্ধবিরতির চুক্তির নানা শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা হয়। পর্যায়ক্রমে সেসব শর্ত মানতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। গত ২৪ জুন বুধবার প্রথম আলো ‘ওয়াশিংটন-তেহরান সমঝোতা, বিদেশে জব্দ ১২০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহারের পর এবার বিদেশে জব্দ থাকা তেহরানের ১ হাজার ২০০ কোটি ডলার সম্পদ ছাড়ের বিষয়েও রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্থানীয় সময় গত ২৩ জুন সোমবার দেশটির সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করছে। তার সফরকে ঘিরে গত ২৪ জুন বুধবার খবর প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। ‘চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, সবার নজর এখন তিস্তায়’ শিরোনামের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের বিষয়টি আনুষ্ঠানিক কর্মসূচিতে নেই। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ইস্যুটি আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সূত্রগুলো বলছে, কৌশলগত কারণে চীনের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন চাইছে না ভারত। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় তিস্তা প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে।
বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে প্রতিবেদন করেছে পত্রিকাটি। ‘আবার নীতি শিথিলতা ব্যাংক খাতে, অপব্যবহারের শঙ্কা’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কৃত্রিমভাবে আর্থিক চিত্র ভালো দেখানোর কৌশল থেকে বেরিয়ে ব্যাংক খাতের প্রকৃত চিত্র সামনে আনা হয়। ফলে খেলাপি ঋণ এক লাফে অনেক বেড়ে যায়। ঋণ আদায়ে কঠোরতার পথ বেছে নেওয়া হয়। তবে বাংলাদেশ ব্যাংক এখন নীতি শিথিলতার পথে হাঁটতে শুরু করেছে।
গত ২৪ জুন বুধবার বণিক বার্তা ‘২০২৪ সালের আগস্ট থেকে চলতি জুন পর্যন্ত সাত শিল্প এলাকা, ৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ কাজ না থাকায় ও মালিকের আর্থিক সংকটে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে । এতে বলা হয়, গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ১ হাজার ৭০০ শ্রমিকসহ প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।
আর্থিক খাত নিয়ে দৈনিক আমার দেশ ‘টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক’ শিরোনামে একটি প্রতিবেদন ছেপেছে গত ২৪ জুন। এতে বলা হয়, টাকা ছাপিয়ে আবারও বাণিজ্যিক ব্যাংককে তারল্য সহায়তা বা ধার দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ গত এক সপ্তাহে ইসলামী ব্যাংককে প্রায় ৯ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ অর্থ নতুন টাকা ছাপানোর মাধ্যমে সরবরাহ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এতে মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে।
‘আরেকটি বিপ্লবের প্রস্তুতি নেয়ার ডাক ডা. শফিকের’ শিরোনামে দৈনিক নয়া দিগন্ত গত ২৪ জুন বুধবার একটি সংবাদ প্রকাশ করেছে। রাজধানীতে ১১ দলীয় ঐক্যের একটি সমাবেশের কাভারেজ এটি। সংবাদে বলা হয়, জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস এই সব ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত ও সম্পদ, দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা, এই বয়সে আমি ও আমরা পিছিয়ে থাকব না। সম্মুখ সারিতে থাকব। আড়ালে তলে নয়! তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেবো না।
এ সপ্তাহের আলোচিত খবরের মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খবরটি ছিল। কারণ ত্রয়োদশ সংসদ গঠনের পর রাষ্ট্রপ্রধানের এটি প্রথম বিদেশ সফর। তবে সফরটি ভিন্ন মাত্রা পেয়েছে আরেকটি কারণে আর তা হলো ভারত ও চীনের বাইরে গিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম সফর গন্তব্য বেছে নিয়েছে তৃতীয় দেশ মালয়েশিয়। গত ২১ জুন রোববার বাংলাদেশ প্রতিদিন ‘ভুরাজনীতিতে নতুন সমীকরণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। খবরে বলা হয়, প্রথম বিদেশ সফরে আজ সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আজ সোমবার দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। পরে সোমবার সন্ধ্যায় চার দিনের সফরে মালয়েশিয়া থেকে চীনে যাবেন তারেক রহমান। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
সাম্প্রতিক সময়ে হামে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ। মৃত্যু থামছে না। হাজার হাজার আক্রান্ত ও মৃত্যু ঘটছে। গত ২১ জুন রোববার ইত্তেফাক ‘অতীতে এত শিশুর মৃত্যু দেখেনি বাংলাদেশ’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয় বাংলাদেশে হামে এত বিপুলসংখ্যক শিশুর সংক্রমণ এবং মৃত্যু এর আগে কখনো হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি হামের প্রাদুর্ভাব ও এর উপসর্গে দেশে আশঙ্কাজনক হারে শিশুর মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৭৭ জন শিশুর মৃত্যু হয় হাম ও উপসর্গে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভয়াবহ পরিস্থিতির নেপথ্যে রয়েছে বেশকিছু কারণÑ অন্তর্বর্তীকালীন সরকার টিকা না দেওয়ার কারণে শিশুদের ‘হার্ড ইমিউনিটি’ নষ্ট হয়ে গেছে।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করা পত্রিকা বণিক বার্তা গত ২০ জুন শনিবার ‘সুইফট সুরক্ষায় যুক্ত হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং টুলস’ শিরোনামে আরেকটি খবর প্রকাশ করে। এতে বলা হয়, এ ঘটনার পর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সুইফট নিজেও তাদের ব্যবস্থাপনায় সংস্কার আনে। এবার বাংলাদেশ ব্যাংক সুইফটের সুরক্ষায় যুক্ত করতে যাচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং টুলস (এএমএল)। এ প্রযুক্তি সন্দেহজনক লেনদেন তাৎক্ষণাৎ স্থগিত করে দেবে। টুলস সক্রিয় থাকলে আন্তর্জাতিক লেনদেনে বাড়তি নজরদারি থাকবে।
‘প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য বলা নিয়ে উত্তপ্ত সংসদ’ শিরোনামে গত ২২ জুন সোমবার নয়া দিগন্ত পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়, জাতীয় সংসদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অসত্য’ বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় জোটের শরিক এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের দেয়া এমন বক্তব্যকে কেন্দ্র করে গত ২১ জুন রোববার উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সরকার ও বিরোধীদলের সদস্যদের পাল্টাপাল্টি যুক্তিতে সংসদে চরম হট্টগোল তৈরি হয়। একপর্যায়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংশ্লিষ্ট সংসদ সদস্যকে উদ্দেশ করে বলেন, ‘এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’
পত্রিকাটি ২১ জুন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘মালয়েশিয়ার সিন্ডিকেট মামলায় নতুন মোড়’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। বলা হয়, দেশের জনশক্তি রফতানি খাতকে নাড়িয়ে দেয়া বহুল আলোচিত ‘মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট’ মামলার তদন্তে এক নাটকীয় মোড় এসেছে। সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী, সাবেক শীর্ষ আমলা এবং শতাধিক রিক্রুটিং ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা এই মামলায় মানব পাচারের গুরুতর অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পায়নি বলে জানিয়েছে পুলিশ। ফলে ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের মূল ধারাগুলো থেকে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তবে তাদের রেহাই মিলছে না পুরোপুরি; সাধারণ কর্মীদের সাথে প্রতারণা, অর্থ আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন এবং আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ফৌজদারি ধারা মামলায় বহাল রাখা হয়েছে।
গত ২২ জুন সোমবার আমার দেশ ‘সংসদে এমপিদের বেফাঁস কথার প্রতিযোগিতা’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। এতে বলা হয়, দেশ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদ। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সেখানে গিয়ে আইন প্রণয়ন ও পরিবর্তনসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে থাকেন। ব্যাপক ব্যয়বহুল প্রতিটি অধিবেশনে সময় মেপে বক্তব্য রাখার সুযোগ পান সংসদ সদস্যরা।
গত ২২ জুন সোমবার আমার দেশ জনস্বাস্থ্য সম্পর্কিত ‘হামের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ছড়িয়েছে ৫৮ জেলায়’ শিরোনামে একটি সংবাদ ছেপেছে। সংবাদে বলা হয়, এক সময় ডেঙ্গুর মৌসুম বলতে শুধু বর্ষাকালকেই বোঝানো হতো। কিন্তু গত কয়েক বছরে সে ধারণা পাল্টে গেছে। এডিস মশার জীবনচক্রের পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং জনসচেতনতার ঘাটতির কারণে এখন শীত-গ্রীষ্মেও ডেঙ্গুর সংক্রমণ দেখা যাচ্ছে। রাজধানী ছাড়িয়ে রোগটি এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। চলতি বছর হামের ভয়াবহ প্রকোপের মধ্যেই আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এডিস মশাবাহিত ডেঙ্গু। ইতোমধ্যে ৫৮ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগের জেলাগুলোতে ডেঙ্গুর রোগী বেশি দেখা যাচ্ছে।
গত ২২ জুন সোমবার সমকাল ‘খুন, ধর্ষণ, মব সহিংসতা উদ্বেগ বাড়াচ্ছে’ একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদে বলা হয়, খুন, ধর্ষণ, মব, গণপিটুনি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিদিনই ঘটছে। দেশের মানুষের সামগ্রিক নিরাপত্তার জন্য এ পরিস্থিতিকে উদ্বেগজনক ও ভীতিকর বলছেন মানবাধিকারকর্মীরা। তবে পুলিশ বলছে, তারা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে। সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংঘবদ্ধ হয়ে মানুষকে পিটিয়ে হত্যা তো বটেই; এমনকি কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনা ঘটেছে। স্মরণকালের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়টি নেই। সে তুলনায় নতুন সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা এখনো পুরোপুরি ফেরেনি।
কালের কণ্ঠ গত ২১ জুন রোববার ‘হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ সম্পদের ৮০% দুদকের নিয়ন্ত্রণের বাইরে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে ভারতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পরিবারের সদস্য এবং বেশিরভাগ আওয়ামী সুবিধাভোগীও পলাতক। কিন্তু দেশে রয়েছে তাঁদের বিপুল সহায়-সম্পদ। ব্যাংকে যেমন নগদ টাকা রয়েছে, তেমনি বাড়ি, জমি, ফ্ল্যাট রয়েছে অনেক। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি
গত ২২ জুন সোমবার কালের কণ্ঠ ‘নতুন মাদকের নীরব বিস্তার’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, সময়ের চাহিদায় এসব মাদকেও এসেছে পরিবর্তন। ফলে প্রচলিত মাদকের পাশাপাশি দেশে অনেকটা নীরবে ছড়িয়ে পড়েছে নতুন প্রজন্মের বিচিত্র সব মাদক। এসব মাদকের মধ্যে নতুন প্রজন্মের কাছে বেশি পরিচিত সিনথেটিক বা কৃত্রিম মাদক। নতুন এই মাদকের গড়ন-গঠনও পাল্টে হয়েছে এমডিএমবি, আইস, খাথ, এলএসডি, ফেন্টানাইল, ব্ল্যাক কোকেন, এমডিএমএ, ডিএমটি, ডিওবি, ম্যাজিক মাশরুম, কুশ, ট্যাপেন্টাডল, ট্রামাডল এবং কিটামিন। নতুন প্রজন্মের মাদক অনেক বেশি ব্যয়বহুল। ২০১৮ সালের পর থেকে বর্তমান পর্যন্ত এক ডজনের বেশি নতুন প্রজন্মের মাদকের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
গ্রন্থনা : আবু জায়েদ আনসারী।