সমাজ ও রাষ্ট্র গঠনে দক্ষ দায়িত্বশীল ও আদর্শবান কর্মীবাহিনী গুরুত্বপূর্ণ – ইজ্জত উল্লাহ এমপি
২০ জুন ২০২৬ ১২:৫২
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, কর্মীদের আদর্শিক চর্চা, নৈতিক মূল্যবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে।
গত ১৩ জুন শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলারোয়া উপজেলা জামায়াতের দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কর্মীদের আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সমাজমুখী কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
ইজ্জত উল্লাহ আরও বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে দক্ষ, দায়িত্বশীল ও আদর্শবান কর্মীবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ কামারুজ্জামানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় শিক্ষাশিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩ শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
এতে আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা মো. আজিজুর রহমান এবং সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী।