আইসিইউ সেবা চালু হলো মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে
২০ জুন ২০২৬ ১২:১৯
মুন্সীগঞ্জ সংবাদদাতা : সারা দেশে স্বাস্থ্যসেবায় নতুন অগ্রগতি হিসেবে গত ১৪ জুন রোববার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালেও ‘প্রয়োজনে’ আইসিইউ সেবা চালু করা হয়েছে। একযোগে ১০টি সরকারি হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবার অংশ হিসেবে হাসপাতালটিতে এ সেবা উদ্বোধন করা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইসিইউ ইউনিট প্রস্তুত রয়েছে। কোনো রোগীর প্রয়োজন হলে তাকে আইসিইউ সেবা দেওয়া যাবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হলেও জনবল সংকটসহ নানা কারণে দীর্ঘদিন ধরে সেবাটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। ফলে জেলার গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা আশপাশের জেলার হাসপাতালে নিতে হতো।