জাতীয় স্বার্থের প্রশ্নে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে – এটিএম আজহারুল ইসলাম এমপি


৪ জুন ২০২৬ ১১:১৩

রংপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে দেশের সকর শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত ৩১ মে রোববার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ নুর হোসাইন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ভারত সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা বললেও বাস্তবে তারা তা মানেন না। এর প্রমাণ হচ্ছে এবারের ঈদুল আজহায় মুসলমানদের কুরবানিতে ভারতের কট্টরপন্থী হিন্দুরা ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতীয় মুসলমানদের ওপর নির্মম পৈচাশিক নির্যাতন করেছে। মসজিদ ভেঙে দিয়েছে। মুসলমানদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করছে। মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বাঁধা দিয়ে এর নজির দেখিয়েছে।
চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা জুলাই সনদের পক্ষে ছিলাম, এখনো আছি। জনগণের প্রত্যাশা জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এর অন্যথা হলে জামায়াতে ইসলামী সংসদ এবং রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এজন্য সংসদে জামায়াত জোটের ৭৭ জন এমপি প্রস্তত রয়েছে।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ঈদের আনন্দ এবং চেতনাকে ধারণ করে নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে নিরলস কাজ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্যহীন মানবিক ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে হবে। তবেই সমাজে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে। এ কাজে আমাদেরই এগিয়ে আসতে হবে।