আসুন, কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণ করি: নূরুন্নিসা সিদ্দীকা
২৭ মে ২০২৬ ১৪:১৯
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তায় গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি বলেছেন, তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ-উল-আজহা। এই মহিমান্বিত দিনে আমরা স্মরণ করি হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর অনন্য কুরবানির দৃষ্টান্ত, যা মানবজাতির জন্য আনুগত্য ও ঈমানের এক চিরন্তন আদর্শ। কুরবানির মাধ্যমে মানুষের পশুত্বকে দমন করা এবং ত্যাগের মহান শিক্ষা নিহিত রয়েছে।
আমরা যেন কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণ করি। হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি।
পবিত্র এই সময়ে মহান আল্লাহতাআলা যেন আমাদের সবার কুরবানি কবুল করেন। সেই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করি। পবিত্র ঈদ-উল-আজহা সবার জীবনে সুখ, শান্তি ও আল্লাহর অফুরন্ত রহমত বয়ে আনুক। আমাদের উৎসব হোক নিরাপদ ও শান্তিময়। প্রেস বিজ্ঞপ্তি,২৭. ৫.২০২৬ ইং