জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
২৩ মে ২০২৬ ২১:২৯
সরকার জুলাই সনদ না মানা ও জনগণের ভাষা না বুঝে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় মানুষ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আজ ২৩ মে শনিবার বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে দুইদিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটে ৭০ ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। এই রাজনৈতিক সংকট অনেক বেশি হয়ে যাচ্ছে, যার ফলে মন্ত্রী এমপিদের জনগণ থেকে পালাতে হচ্ছে। জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়ার ফলে সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
তিনি বলেন, সরকারের আসার আগে জনগণের কাছে যে ওয়াদা করেছে একে একে সেগুলো পদদলিত করে একদলীয় ফ্যাসিবাদের দিকে আগাচ্ছে বিএনপি। আওয়ামী ফ্যাসিবেদী শাসন ব্যবস্থায় যে সংবিধান তৈরি হয়েছে- এর মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। দলটি সেই সংবিধান রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে।
তিনি আরও বলেন, সাংবিধানিক পদসমূহ জুলুমের হাতিয়ারে পরিণত হচ্ছে, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেয়া রয়েছে। এর মাধ্যমে কখনোই ভারসাম্যপূর্ণ সরকার ব্যবস্থা গড়ে উঠতে পারে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ছাত্র-যুবক রাস্তায় জীবন দিয়ে হাসিনা সরকারের মতো একটি সরকারকে ক্ষমতা ছাড়তে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। সেই ছাত্রজনতার গণদাবিকে ক্ষমতায় বসেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বিএনপি।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক পদসমূহের ওপর কর্তৃত্ব থাকলে এখানে নিয়োগ হবে দলীয় ভিত্তিতে এবং জনগণ এর সুফল পাবে না। ছাত্রজনতার ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে গুলির সামনে বুক পেতে দিয়ে যে আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল, আজ সে আকাঙ্ক্ষা পদদলিত হচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনা করে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নিল এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ অনুমোদিত হলো। ৮৪টা বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হলো- যে সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন দেবে। সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতি ২৫ সালের ১৩ নভেম্বর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে প্রঙ্গাপন দিলো। যদিও আমরা গণভোট আগে হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থে আমরা গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়াটা মেনে নিলাম। বিএনপির দাবির প্রেক্ষিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলো এবং এর ফলাফল জনগণ দেখতে পাচ্ছে। গণভোট আগে হলে,পরিস্থিতি এমন হতো না, বলেন তিনি।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহিংসতায় বিশ্বাস করে না বলে বুকে পাথর চেপে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। আমরা এখনই সরকারের পদত্যাগ চাই না। সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করবে এবং জনরায়কে আমলে নিয়ে সংবিধান সংস্কার করবে।
তিনি সতর্ক করে বলেন, জনগণকে ভুল বুঝিয়ে বেশি দূর আগানো যাবে না। বিএনপি তার অবস্থান পরিবর্তন না করলে জনগণ আবার রাস্তায় নেমে আসবে। ইদানিং জুলাই সনদ মানার ব্যাপারে অনেক মন্ত্রী এমপিরা ঘোষণা দিচ্ছেন। কিন্তু মানা হবে তাদের নোট অব ডিসেন্ট দেয়া ধারাসমূহ বাদ দিয়ে। এতে করে জনপ্রত্যাশা পূরণ হবে না। বিএনপির অবস্থা হয়েছে সালিস মানি, তালগাছ আমার- এই নীতি থেকে সরে এসে জনরায়কে আমলে নিয়ে গণভোটে জনগণ যে চারটি বিষয়ে ‘হ্যাঁ’ দিয়েছে সেগুলোর সব মেনে নিতে হবে।
সংকট নিরসন সম্ভব উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সরকার ইচ্ছে করলেই এই সংকট থেকে উত্তরণ করা সম্ভব। আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের শুরুতেই সরকার গণভোটের বিল আনবে এবং পাস করিয়ে দেবে বলে বিশ্বাস করি।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফকরুদ্দিন খান রাজি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম।
মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, জামায়াত নেতা শেখ নেয়ামুল করিম ও ড.ফয়জুল হকসহ বরিশাল মহানগর নেতৃবৃন্দ।-
ঢাকা- ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ প্রেস বিজ্ঞপ্তি